স্বাধীনতা দিবসকে সামনে রেখে দিল্লিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে দিল্লি পুলিশ ১৯ জন মোস্ট-ওয়ান্টেড সন্ত্রাসীর ছবিসংবলিত পোস্টার প্রকাশ করেছে।

তাদের খুঁজে বের করতে সাহায্যকারীকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে।

 

পিটিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, পোস্টারগুলোতে ইন্ডিয়ান মুজাহিদিন, আল-কায়েদা এবং বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের নাম রয়েছে। ১৫ আগস্টের উদযাপনের আগে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এগুলো লাগানো হয়েছে।  

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সমন্বয়ে এই ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে।

যাতে সম্ভাব্য সন্ত্রাসী আক্রমণ রোধে সতর্কতা বৃদ্ধি পায়। এ সতর্কতা বিশেষ করে শহরের প্রধান সড়ক, সরকারি ভবন ও জনসাধারণের সমাগমস্থলগুলোকে লক্ষ্য করে প্রকাশ করা হয়েছে।

 

সতর্কতা ঘোষণা করার পরই দিল্লি পুলিশ ১৯ জন ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গির ছবি, পরিচয়সহ পোস্টার প্রকাশ করেছে। এ তালিকায় আছে এমন কয়েকজন, যাঁরা পূর্বে দাঙ্গা, সন্ত্রাসী গোষ্ঠীর অবৈধ কার্যক্রম ও আন্তর্জাতিক অপরাধে জড়িত ছিলেন।

ছবিগুলোতে প্রতিটি ব্যক্তির নাম, বয়স, অপরাধের ধরন, পুরস্কারসহ বিশদ তথ্য উল্লেখ করা হয়েছে, যাতে নাগরিকরা সহজে শনাক্ত করতে পারে।

 
 

প্রকাশ্য পোস্টারগুলোকে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও শেয়ারিংয়ের মুখে পড়েছে। পুলিশ জানিয়েছে, যেকোনো সন্দেহজনক চলাচল দ্রুত রিপোর্ট করা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, নিরাপত্তা রক্ষার জন্য বিশেষ টহল, এয়ার সার্ভে ও সিসিটিভি নজরদারি বাড়ানো হয়েছে।

নাগরিকদের কাছেও আপিল করা হয়েছে যে, নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতন থাকবেন এবং অজানা কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ বা সহায়তা করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে জানাবেন।

এ ধরনের যৌথ প্রচেষ্টা সন্ত্রাসী চক্রকে ভেঙে ফেলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্লেষকরা মত প্রকাশ করছেন।

 
 

হাই অ্যালার্ট ও ‘মোস্ট ওয়ান্টেড’ পোস্টার প্রকাশের মাধ্যমে দিল্লি নিরাপত্তা ব্যবস্থার এক নতুন স্তর গড়ে তুলেছে। স্বাধীনতা দিবসের উদযাপনে শহরকে সুরক্ষিত রাখতে এই পদক্ষেপগুলো কেবল সতর্কতা নয়, বাস্তবিক ফলাফলও আনবে বলে আশা করা হচ্ছে।