বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারে বাংলাদেশ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে তিনি পাচার হওয়া সম্পদ দেশে ফিরিয়ে আনতে সরকারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
রবিবার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারে আমরা আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করছি। সম্পদ চিহ্নিত ও উদ্ধারের প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ ইতিমধ্যে যুক্তরাজ্যের সঙ্গে একটি অংশীদারি স্থাপন করেছে। এ ছাড়া এই পুনরুদ্ধার প্রক্রিয়া সহজ করতে আইনি এবং ফরেনসিক দক্ষতাসম্পন্ন অন্য দেশের সঙ্গেও সরকার যোগাযোগ রক্ষা করছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যাদের আইনি ও ফরেনসিক দক্ষতা রয়েছে, আমরা সেসব দেশের সঙ্গে আলোচনা করছি।
তিনি বলেন, পাচার হওয়া অর্থ জনগণের সম্পদ, এগুলো দেশে ফিরিয়ে আনতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের এই চুরি হওয়া টাকা ও সম্পদ বাংলাদেশে ফিরিয়ে আনতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।


