NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

মদিনা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশ সহ ৮০ দেশ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:০২ এএম

মদিনা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশ সহ ৮০ দেশ

সৌদি আরবের ঐতিহ্যবাহী মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রদের অংশগ্রহণে শুরু হয়েছে দশম সাংস্কৃতিক অনুষ্ঠান মাহেরজান। “একই ছাদের তলায় বিশ্ব” এই স্লোগানকে সামনে রেখে গত বুধবার (১৮ মে) এই সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন মদিনার ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন খালিদ আল ফয়সাল। 

 

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) যোগ দেন। এছাড়া জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোঃ নাজমুল হক ও ছাত্রদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন।

 

এ উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজ দেশের সংস্কৃতি, খাবার, সামাজিক ঐতিহ্য, লোকশিল্প ও দেশীয় পোশাক প্রদর্শনের আয়োজন করে। প্রায় ৮০টি দেশের শিক্ষার্থীরা উৎসবে অংশগ্রহণ করছে। প্রদর্শনী চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। প্রদর্শনী শেষে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের স্টল ও অন্যান্য আয়োজনের ওপর নির্ভর করে পুরস্কার প্রদান করা হবে। 

 

মদিনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা দেশীয় ইতিহাস, ঐতিহ্য  ও পোশাক দিয়ে বর্ণিল সাজে বাংলাদেশ স্টল সাজিয়েছে। রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এসময় বাংলাদেশ স্টল পরিদর্শন করেন ও বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। রাষ্ট্রদূত বলেন, এ উৎসবে অংশগ্রহণের মাধ্যমে সৌদি আরবে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি পাবে। এছাড়া সৌদি আরবসহ অন্যান্য মুসলিম দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বৃদ্ধি পাবে।

 

রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, সম্প্রতি সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশের ছাত্রদের বৃত্তির সংখ্যা, বিভিন্ন বিষয়ে পড়াশোনা ও গবেষণার সুযোগ আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি ছাত্রদের বৃত্তি বৃদ্ধির বিষয়ে প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান। 

 

মদিনার ডেপুটি গভর্নর বাংলাদেশ স্টল পরিদর্শনকালে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী তাঁর হাতে জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনীর আরবি অনুবাদ বইটি তুলে দেন। ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন খালিদ আল ফয়সাল রাষ্ট্রদূতের সাথে মতবিনিময় করেন। 

পরে, রাষ্ট্রদূত সাংস্কৃতিক উৎসবে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের স্টল পরিদর্শন করেন ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। তিনি বিভিন্ন দেশের ইতিহাস, ঐতিহ্য ও সামগ্রিক অবস্থার বিষয়ে ছাত্রদের সাথে আলোচনা করেন। 

 

মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় আয়োজিত এ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিকরা যোগদান করেন। উল্লেখ্য, এ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় ১৭০টির ও বেশি দেশের বিদেশি শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে যার মধ্যে বাংলাদেশি শিক্ষার্থী রয়েছে প্রায় চার শতাধিক।