NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, নভেম্বর ২৯, ২০২৬ | ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মামদানির ভাড়া স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল রাখল আদালত ঝড়ের কারণে পিছিয়ে গেল ১০০তম মেসিস থ্যাংক্সগিভিং প্যারেড, অনুষ্ঠিত হবে আজ এল সালভাদরকে ৮-০ গোলে বিধ্বস্ত করে নারী বিশ্বকাপে যুক্তরাষ্ট্র কলম্বাসের কাছে হেরে এমএলএস প্লে-অফ থেকে বিদায় নিল মেসির ইন্টার মিয়ামি প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা রহমান সৃজনশীল অর্থনীতিতে শিল্প-সংস্কৃতিকে অর্থমূল্য দিতে চায় সরকার : অর্থমন্ত্রী জাতিসংঘের বিশেষ দূতকে ঢুকতে দিল না কোস্টারিকা শেষ মুহূর্তে গোল খেয়ে মেসিদের স্বপ্নভঙ্গ, ইন্টার মায়ামির বিদায় ১ বছর পর মেয়েকে প্রকাশ্যে আনলেন নিলয় আলমগীর জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার ট্রাম্পের নতুন উদ্যোগও আটকাল আদালত
Logo
logo

এল সালভাদরকে ৮-০ গোলে বিধ্বস্ত করে নারী বিশ্বকাপে যুক্তরাষ্ট্র


BAPA News   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৬, ০৬:১১ পিএম

এল সালভাদরকে ৮-০ গোলে বিধ্বস্ত করে নারী বিশ্বকাপে যুক্তরাষ্ট্র

বাপা নিউজ, নিউইয়র্ক: এল সালভাদরকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে ২০২৭ ফিফা নারী বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৭ নভেম্বর) টেক্সাসের ম্যানসফিল্ডে অনুষ্ঠিত কনকাকাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে এই দুর্দান্ত জয় তুলে নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে যুক্তরাষ্ট্র। নবম মিনিটে কেনেডি ওয়েসলির গোলে এগিয়ে যায় দলটি। এরপর ৩১ মিনিটে টিয়েরনা ডেভিডসন এবং ৩২ মিনিটে ম্যালরি সোয়ানসন ব্যবধান দ্বিগুণ ও তিনগুণ করেন। ৩৬, ৩৯ ও ৪৩ মিনিটে পরপর তিনটি গোল করে প্রথমার্ধেই হ্যাটট্রিক পূর্ণ করেন অ্যাশলি সানচেজ। বিরতির ঠিক আগে ৪৫ মিনিটে সোফিয়া উইলসনের গোলে ৭-০ ব্যবধানে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। দ্বিতীয়ার্ধে ৮০ মিনিটে ক্রোয়া বেথুনের গোলে ৮-০ ব্যবধানের জয় নিশ্চিত হয়।

এই জয়ের মধ্য দিয়ে টানা দশমবারের মতো নারী বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করল যুক্তরাষ্ট্র। ১৯৯১ সালে প্রথম আসর থেকেই প্রতিটি নারী বিশ্বকাপে অংশ নিয়েছে দেশটি। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র এবারও শিরোপার অন্যতম দাবিদার হিসেবে ব্রাজিলে যাবে।

এদিকে একই দিনে কোস্টারিকাকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে জ্যামাইকা। ফলে কনকাকাফ অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের পাশাপাশি জ্যামাইকাও ২০২৭ নারী বিশ্বকাপের টিকিট পেয়েছে।

২০২৭ ফিফা নারী বিশ্বকাপের ৩২ দলের আসরে এখন পর্যন্ত ২০টি দেশ নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। স্বাগতিক ব্রাজিলের সঙ্গে এ তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া, চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, নিউজিল্যান্ড, আর্জেন্টিনা, কলম্বিয়া, ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, স্পেন, আলজেরিয়া, মরক্কো, ক্যামেরুন, মালাউই, জ্যামাইকা ও যুক্তরাষ্ট্র।

এশিয়া থেকে চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও ফিলিপাইন; আফ্রিকা থেকে আলজেরিয়া, মরক্কো, ক্যামেরুন ও মালাউই; ইউরোপ থেকে ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি ও স্পেন; দক্ষিণ আমেরিকা থেকে আয়োজক ব্রাজিল, আর্জেন্টিনা ও কলম্বিয়া এবং ওশেনিয়া থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ইতোমধ্যে বিশ্বকাপের টিকিট পেয়েছে।

বিশ্বকাপের বাকি ১২টি স্থান পূরণের জন্য বিভিন্ন মহাদেশের বাছাইপর্ব ও আন্তমহাদেশীয় প্লে-অফ অনুষ্ঠিত হবে। ফলে আগামী কয়েক মাসে আরও ১২টি দেশ ব্রাজিলের বিশ্বকাপ আসরে নিজেদের জায়গা নিশ্চিত করবে।

২০২৭ সালের ২৪ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত ব্রাজিলে অনুষ্ঠিত হবে ফিফা নারী বিশ্বকাপের দশম আসর। দক্ষিণ আমেরিকায় প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে নারী ফুটবলের এই বিশ্ব আসর।

এল সালভাদরের বিপক্ষে যুক্তরাষ্ট্রের হয়ে শুরুর একাদশে ছিলেন ক্লডিয়া ডিকি, এমিলি ফক্স, কেনেডি ওয়েসলি, টিয়েরনা ডেভিডসন, জিজেল থম্পসন, লিলি ইয়োহানেস, অ্যাশলি সানচেজ, ম্যালরি সোয়ানসন, লিন্ডসে হিপস (অধিনায়ক), সোফিয়া উইলসন ও অ্যালিসা থম্পসন। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন জেইডিন শ, অ্যাভেরি প্যাটারসন, ক্রোয়া বেথুন, স্যাম কফি ও মিশেল কুপার।