NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী এইচ-১বি ভিসাধারীদের যুক্তরাষ্ট্র ছাড়তে বা চাকরি ছাড়তে বলল আইবিএম ভারতে পাকিস্তানি সিরিজ বন্ধের দাবিতে মোদিকে চিঠি যুক্তরাষ্ট্রে ৩ নেতাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা, ব্যর্থ করে দিল আইনশৃঙ্খলা বাহিনী ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের মনোনয়ন দৌড়ে আলোচনায় ৫ নেতা স্থায়ী ডে-লাইট সেভিং টাইম নিয়ে মুখোমুখি অবস্থানে রিক স্কট ও জন থুন ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি পণ্যে অতিরিক্ত ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের ১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত ৮ কেজি ঘুঙুর পরে প্রতিদিন ৮ ঘণ্টা নাচতেন শ্রদ্ধা!
Logo
logo

মুম্বাই হামলার ১৮ বছর পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে কতটা এগিয়েছে ভারত


খবর   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৬, ১১:১১ এএম

মুম্বাই হামলার ১৮ বছর পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে কতটা এগিয়েছে ভারত

মুম্বাই সন্ত্রাসী হামলার আজ ১৮তম বর্ষপূর্তি আজ। ২০০৮ সালে (২৬ নভেম্বর) এই হামলা হয়।

দিনটি স্মরণ করার পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে গত কয়েক বছরে আসা পরিবর্তনও পর্যালোচনা করছে দেশটি।

 

একসময় সন্ত্রাসবাদ মোকাবিলায় অপেক্ষাকৃত নিষ্ক্রিয় ও নমনীয় কৌশল অনুসরণ করলেও ভারত এখন ‘সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতা’ নীতি গ্রহণ করেছে। সন্ত্রাসীদের পাশাপাশি তাদের অর্থায়ন ও সহায়তার নেটওয়ার্ক ধ্বংসে গুরুত্ব দিচ্ছে দেশটি। এর উদাহরণ হিসেবে ২০২৫ সালের ৭ থেকে ১০ মে পাহালগাম হামলার জবাবে ‘অপারেশন সিঁদুর’ পরিচালনার কথা উল্লেখ করা হয়েছে।

এ অভিযানে ৮৮ ঘণ্টা ধরে পাকিস্তানের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালায় ভারত।

 

গত ১৯ নভেম্বর দিল্লিতে এক সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন, নিরাপত্তা বাহিনী দেশের ভেতরে সক্রিয় সর্বশেষ পরিচিত সন্ত্রাসী লতিফ ভাটকে নির্মূল করেছে। তার দাবি, এর মধ্য দিয়ে কাশ্মীর এখন ভারত-জাত সন্ত্রাসীদের প্রভাবমুক্ত। সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রাখতে নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

 

‘সাউথ এশিয়া টেরোরিজম পোর্টাল’-এর তথ্য অনুযায়ী, ভারতে সন্ত্রাসী নিহত হওয়ার সংখ্যা ২০০১ সালে ৩ হাজার ৫ জন এবং ২০০৮ সালে ১ হাজার ২৩২ জন থাকলেও চলতি বছর তা কমে ২৫ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন চারজন এবং বেসামরিক নাগরিক নিহত হয়েছেন দুজন। অথচ ২০০৮ সালে এ সংখ্যা ছিল যথাক্রমে ৩৬৬ ও ৯১৫ জন।

তাহলে কি বলা যায়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত প্রায় জয়ী হয়েছে? এখন কি দেশটি প্রচলিত সামরিক হুমকিসহ অন্যান্য নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় বেশি মনোযোগ দিতে পারবে? ভারতের সন্ত্রাসবিরোধী কৌশল কি আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের মূল উৎপাটন করতে পেরেছে? এসব প্রশ্নের সহজ কোনো হ্যাঁ-না উত্তর নেই।

তাই আগেভাগে বিজয় ঘোষণা করা ঠিক হবে না।

এতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতীয় সশস্ত্র বাহিনীর দীর্ঘদিনের পরিশ্রম ও আত্মত্যাগও খাটো হতে পারে। বরং ভারতের সন্ত্রাসবিরোধী কৌশল কীভাবে বদলেছে, তা বিশ্লেষণ করলেই এসব প্রশ্নের কিছু উত্তর পাওয়া যেতে পারে।

 

ভারতের দুর্বল প্রতিক্রিয়া

ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাইয়ে ২০০৮ সালের ২৬ নভেম্বরের সন্ত্রাসী হামলাকে প্রায়ই যুক্তরাষ্ট্রের ৯/১১ হামলার সঙ্গে তুলনা করা হয়। তবে ভারতের সন্ত্রাসবিরোধী লড়াই শুরু হয়েছিল আরো আগে, নব্বইয়ের দশকের শুরুতে। সে সময় কাশ্মীর উপত্যকায় পাকিস্তান থেকে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ে।

এর আগে পাকিস্তানের সম্পৃক্ততার কিছু প্রমাণ পাওয়া গেলেও ১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর ইন্ডিয়ান এয়ারলাইন্সের ‘আইসি-৮১৪’ উড়োজাহাজ ছিনতাইয়ের ঘটনায় বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। জিম্মিদের মুক্ত করতে তীব্র জনমত ও আন্তর্জাতিক চাপের মুখে ভারত শেষ পর্যন্ত মাসুদ আজহার ও আহমেদ ওমর শেখসহ কয়েকজন পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীকে মুক্তি দিতে বাধ্য হয়। বিনিময়ে ১৬০ জনের বেশি জিম্মিকে উদ্ধার করা সম্ভব হয়।

এরপর ২০০১ সালের ১৩ ডিসেম্বর ভারতের সংসদ ভবনে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদের (জেএম) হামলা দেশটিকে ক্ষুব্ধ করে তোলে। এর জবাবে ভারত ‘অপারেশন পরাক্রম’-এর আওতায় বড় ধরনের সামরিক প্রস্তুতি নেয়। তবে ভারত ও পাকিস্তান উভয় দেশই পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়ায় আন্তর্জাতিক চাপের মুখে প্রায় দুই বছর পর এই অচলাবস্থার অবসান ঘটে।

শেষ পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি কোনো সামরিক পদক্ষেপ নেয়নি ভারত। ভারতে ২০০২ সালে অক্ষরধাম মন্দিরে হামলা, ২০০৬ সালে বারাণসীতে ধারাবাহিক বিস্ফোরণ এবং ২০১০ সালে পুনের জার্মান বেকারিতে বোমা হামলাসহ বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা ঘটে।

২০০৫ সালে দিল্লির সরোজিনী নগর ও পাহাড়গঞ্জে বোমা হামলায় ৫৯ জন নিহত হন। ২০০৮ সালের সেপ্টেম্বরে কনট প্লেস, গ্রেটার কৈলাস ও করোল বাগেও একাধিক বিস্ফোরণ ঘটে। এরপর ২০১১ সালের ৭ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্টের বাইরে বোমা হামলায় ১২ জন নিহত হন। হরকত-উল-জিহাদ আল-ইসলামি (হুজি) নামের একটি পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করে।

তবে ২০০৮ সালের ২৬/১১-এর মুম্বাই হামলা ছিল এক নজিরবিহীন সন্ত্রাসী হামলা। পাকিস্তানে প্রশিক্ষণ নেওয়া ১০ জন ভারী অস্ত্রধারী সন্ত্রাসী সমুদ্রপথে মুম্বাইয়ে প্রবেশ করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালায়। টানা ৬০ ঘণ্টা ধরে তারা তাজমহল প্যালেস হোটেল, ওবেরয়-ট্রাইডেন্ট হোটেল, ছত্রপতি শিবাজী টার্মিনাস, নরিমান হাউস ও কামা হাসপাতালে হামলা চালায়।

হামলার অবসান ঘটার পর দেখা যায়, ১৬৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিদেশি নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যরাও ছিলেন। এই হামলা ভারতের সন্ত্রাসবিরোধী প্রস্তুতির দুর্বলতা স্পষ্ট করে দেয়। বিশেষ করে সমুদ্রপথে সন্ত্রাসীদের প্রবেশ ঠেকাতে দেশটির নিরাপত্তাব্যবস্থার ঘাটতি সামনে আসে।

এর আগে ও পরেও পাকিস্তানের মদতের অভিযোগে বিভিন্ন সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলেও ভারত দেশটির বিরুদ্ধে সরাসরি কঠোর পদক্ষেপ নেয়নি। তবে ২৬/১১-এর পর ভারতের সন্ত্রাসবিরোধী কৌশলে কী পরিবর্তন আসে এবং কখন থেকে সেই পরিবর্তন শুরু হয়, তা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে ওঠে।

সক্রিয় বা ‘কাইনেটিক’ কৌশল

২০১৪ সালের মে মাসে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর ভারতের সন্ত্রাসবিরোধী কৌশলে বড় পরিবর্তন আসে। আগে ভারত সন্ত্রাসী হামলার তথ্য-প্রমাণ সংগ্রহ করে পাকিস্তান ও আন্তর্জাতিক মহলের কাছে তুলে ধরত। তবে নতুন সরকার শুধু কূটনৈতিক প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ না থেকে সরাসরি সামরিক পদক্ষেপের দিকে এগোয়।

২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরিতে সেনাবাহিনীর একটি ক্যাম্পে জইশ-ই-মোহাম্মদের (জেইএম) হামলার পর ভারত প্রথমবারের মতো সীমান্ত পেরিয়ে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালায়। এতে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের কয়েকটি সন্ত্রাসী ঘাঁটি ও স্থাপনায় হামলা চালানো হয়। এর মধ্য দিয়ে সন্ত্রাসী হামলার জবাবে ভারতের সামরিক পদক্ষেপ নেওয়ার কৌশলে পরিবর্তন আসে। 

তবে এরপরও সীমান্তপারের সন্ত্রাসী হামলা বন্ধ হয়নি। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় জইশ-ই-মোহাম্মদের আত্মঘাতী হামলায় ভারতের নিরাপত্তা বাহিনীর ৪০ সদস্য নিহত হন।

এর জবাবে ২৬ ফেব্রুয়ারি ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের বালাকোটে জইশ-ই-মোহাম্মদের একটি প্রশিক্ষণকেন্দ্রে বিমান হামলা চালায়। এই প্রথম সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালাতে ভারতীয় যুদ্ধবিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে। এর মধ্য দিয়ে সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের সামরিক কৌশলে আরও বড় পরিবর্তন দেখা যায়।

২০২৫ সালের ২২ এপ্রিল কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। হামলাকারীরা ধর্মীয় পরিচয় যাচাই করে হিন্দু পুরুষদের লক্ষ্য করে হত্যা করে। এ ঘটনায় ভারতজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্ত্রাসীদের পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত খুঁজে বের করার অঙ্গীকার করেন।

এর জবাবে ৭ মে ভারতীয় সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ শুরু করে। এ অভিযানে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামো হিসেবে চিহ্নিত নয়টি স্থাপনায় হামলা চালানো হয়।

পরবর্তী সময়ে পাকিস্তানের সামরিক স্থাপনা, বিমানঘাঁটি ও রাডারকেন্দ্রেও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। ১০ মে দুই দেশের মধ্যে সামরিক অভিযান বন্ধে সমঝোতা হয়। তবে কি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই শেষ হয়েছে?

সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসবাদ বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। আগে সন্ত্রাসী হামলার পর প্রতিক্রিয়া জানানোর মধ্যেই ভারতের নীতি সীমাবদ্ধ থাকলেও এখন দেশটি আরো সক্রিয় ও কঠোর অবস্থান নিয়েছে। বিশ্বজুড়েও সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ভারতের ভূমিকা ও অবস্থান জোরালো হয়েছে।

‘অপারেশন সিঁদুরের’ মাধ্যমে ভারত পাকিস্তানকে স্পষ্ট বার্তা দিয়েছে, ভবিষ্যতে সন্ত্রাসী কর্মকাণ্ডে মদত দিলে দেশটিকে বড় ধরনের পরিণতির মুখে পড়তে হতে পারে।

ভারত মূলত তিনটি বিষয় স্পষ্ট করেছে। প্রথমত, সন্ত্রাসী হামলার জবাবে আর শুধু সংযম দেখানো হবে না, পাকিস্তানকে সরাসরি জবাব দেওয়া হবে। দ্বিতীয়ত, পাকিস্তানের মাটি থেকে পরিচালিত আন্তঃসীমান্ত সন্ত্রাসী কর্মকাণ্ডকে যুদ্ধের শামিল হিসেবে বিবেচনা করা হবে। তৃতীয়ত, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি ভারতের পাল্টা পদক্ষেপ নেওয়ার পথে বাধা হবে না।

২০২৬ সালের ২৩ ফেব্রুয়ারি ভারত ‘প্রহার’ নামে একটি জাতীয় সন্ত্রাসবিরোধী কাঠামো চালু করে। এর লক্ষ্য সন্ত্রাসবাদ ও উগ্রবাদ মোকাবিলায় সরকার, নিরাপত্তা সংস্থা ও সমাজের মধ্যে সমন্বয় বাড়ানো। সাতটি স্তম্ভের এই কৌশলে গোয়েন্দা তথ্য বিনিময়, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা এবং কেন্দ্র ও রাজ্যের নিরাপত্তা বাহিনীর মধ্যে দ্রুত সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ভারত সন্ত্রাস দমনকে জাতীয় নিরাপত্তার প্রধান অগ্রাধিকার হিসেবে দেখছে। তবে সীমান্তের ওপার থেকে মদত ও দেশের ভেতরে সমর্থন থাকায় সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল করা কঠিন। দেশটির দাবি, সন্ত্রাসীদের সহায়তাকারী নেটওয়ার্কগুলো এখন বড় ধরনের চাপে রয়েছে। একসময় অর্থের প্রলোভন দেখিয়ে তরুণদের সন্ত্রাসী গোষ্ঠীতে যুক্ত করা হতো।