পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বাস উল্টে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪৪ জন।
খবর প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৬, ১০:১০ এএম

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বাস উল্টে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪৪ জন।
বুধবার (২১ অক্টোবর) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে প্রদেশটির রাজনপুর জেলার রোজহান তহসিলের বাংলা হিদায়াত এলাকার ইন্দুস মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে উদ্ধারকারী কর্তৃপক্ষ। এএনআই নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদন অনুযায়ী, দ্রুতগতিতে চলার সময় একটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়।
আহতদের মধ্যে ৩৮ জনের বেশি যাত্রীকে রাজনপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত ৪ জনকে ডেরা গাজি খান এবং ২ জনকে রহিম ইয়ার খানের শেখ জায়েদ হাসপাতালে পাঠানো হয়েছে।
উদ্ধারকারী সংস্থা ‘রেসকিউ ১১২২’ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ১০টি অ্যাম্বুলেন্স ও দুটি বিশেষ উদ্ধারকারী ইউনিট পাঠানো হয়।
এর আগে গত আগস্টে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে কোহলু-ডেরা গাজি খান মহাসড়কে বিয়ের যাত্রীবাহী একটি বাস উল্টে ২ জন নিহত ও ৪২ জন আহত হন। বাসটিতে অতিরিক্ত যাত্রী বহন করায় ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছিল পুলিশ।