চার বছরের বিরতির পর ‘পাঠান’ দিয়ে রুপালি পর্দায় ফিরেই ঝড় তুলেছিলেন শাহরুখ খান। এরপর ‘জওয়ান’ দিয়ে আগের সাফল্যকেও ছাড়িয়ে যান বলিউডের এই ‘বাদশা’।
খবর প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৯ এএম

চার বছরের বিরতির পর ‘পাঠান’ দিয়ে রুপালি পর্দায় ফিরেই ঝড় তুলেছিলেন শাহরুখ খান। এরপর ‘জওয়ান’ দিয়ে আগের সাফল্যকেও ছাড়িয়ে যান বলিউডের এই ‘বাদশা’।
‘কিং’ নিয়ে সময়ের সঙ্গে সামনে এসেছে একের পর এক চমকপ্রদ তথ্য।
সম্প্রতি এক ভক্তের প্রশ্নের জবাবে শাহরুখ স্পষ্ট করে জানিয়েছেন, ‘কিং’ নির্ধারিত সময়েই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। অর্থাৎ আগামী ২৪ ডিসেম্বরই বড় পর্দায় আসছে সিনেমাটি।
সম্প্রতি ‘আস্ক মি এনিথিং’ পর্বে এক ভক্ত শাহরুখের কাছে ‘কিং’ নিয়ে আপডেট জানতে চান। ভক্তের প্রশ্ন ছিল, ‘কিং নিয়ে কিছু আপডেট দিন। তিন বছর আগে সিনেমাহলে গিয়ে আপনার ছবি দেখেছি। ট্রেলারের জন্য আর কত অপেক্ষা করাবেন?’
জবাবে শাহরুখ লেখেন, ‘এবার তো পুরো ছবিটাই দেখুন।
শাহরুখের এই বক্তব্যে স্পষ্ট, নির্ধারিত ২৪ ডিসেম্বরই প্রেক্ষাগৃহে আসবে ‘কিং’। শুধু মুক্তির তারিখই নয়, ছবির কাজ নিয়েও ভক্তদের আশ্বস্ত করেছেন অভিনেতা।
শুটিংয়ের সময় একাধিকবার চোট পাওয়ার বিষয়েও কথা বলেন শাহরুখ। এক ভক্ত এ নিয়ে প্রশ্ন করলে অভিনেতা জানান, ‘শুটিংয়ের সময় বেশ কয়েকবার চোট পাওয়ায় বারবার কাজ থামাতে হয়েছিল। তবে এখন সব চোট সেরে গেছে। সিনেমার প্রায় পুরো কাজই শেষ। আপাতত সব কিছু পরিকল্পনামাফিক ঠিকঠাক চলছে।’
ছবিতে কী ধরনের চমক থাকছে—এমন প্রশ্নেরও জবাব দিয়েছেন শাহরুখ। তাঁর দাবি, দর্শকদের বিনোদনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন তাঁরা। কঠোর পরিশ্রম করে তৈরি করা হয়েছে সিনেমাটি। অ্যাকশন থেকে গান, এমনকি তাঁর চুলের সাজেও থাকছে নতুনত্ব।
‘ডাঙ্কি’র পর সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ দিয়েই বড় পর্দায় ফিরছেন শাহরুখ। সিনেমাটির অন্যতম বড় আকর্ষণ, প্রথমবার মেয়ে সুহানা খানের সঙ্গে পর্দা ভাগ করে নিচ্ছেন তিনি। এ ছাড়া অভিষেক বচ্চন ও রানি মুখোপাধ্যায়ের জুটির বিশেষ উপস্থিতি নিয়েও চলছে জোর আলোচনা।
সব মিলিয়ে শাহরুখের ঘোষণা অনুযায়ী, আর মুক্তি পিছিয়ে যাওয়ার জল্পনা নয়—আগামী ২৪ ডিসেম্বরই প্রেক্ষাগৃহে আসছে বহু প্রতীক্ষিত ‘কিং’।