NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

উৎসবমুখর পরিবেশে নিউইয়র্কে প্রবাসী শেরপুর জেলা সমিতির বনভোজন ও মিলনমেলা


খবর   প্রকাশিত:  ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৯ এএম

উৎসবমুখর পরিবেশে নিউইয়র্কে প্রবাসী শেরপুর জেলা সমিতির বনভোজন ও মিলনমেলা

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী শেরপুর জেলা সমিতির বার্ষিক বনভোজন ও মিলনমেলা। রোববার (৬ সেপ্টেম্বর) লং আইল্যান্ডের বেবিলনে অবস্থিত বেলমন্ট লেক স্টেট পার্কে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

মরমী জ্ঞানসাধক গাজী বংশের শেষ জমিদার শের আলী গাজীর স্মৃতিধন্য প্রবাসী শেরপুর জেলা সমিতির আয়োজনে অনুষ্ঠিত ‘বার্ষিক বনভোজন-২০২৬ ও মিলনমেলা’য় প্রায় আড়াই শতাধিক প্রবাসী শেরপুরবাসী, তাদের শুভানুধ্যায়ী এবং বিভিন্ন জেলার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

দুপুর ১২টার দিকে লাল-নীলসহ বিভিন্ন রঙের বেলুন উড়িয়ে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি মার্কস হোম কেয়ার ও কুইন্স অ্যাডাল্ট ডে কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহফুজুল হকের প্রতিনিধি এবং মার্কস হোম কেয়ারের মহাব্যবস্থাপক মাসুম বিল্লাহ শিশির।

নিউইয়র্কের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বেলমন্ট লেক স্টেট পার্কে দিনব্যাপী আয়োজনে ছিল বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আকর্ষণীয় র‍্যাফেল ড্র। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন বনভোজন কমিটির আহ্বায়ক নাইচ চৌধুরী ও সদস্যসচিব গৌতম চক্রবর্তী মিন্টু। এ সময় মো. সিরাজুল ইসলাম, রুপচাঁন মিয়া, ইব্রাহিম খলিল উল্লাহ সুমন, রাশেদ মামুন, রাকিবুল হাসান রাসেল, শামীম রেজা ও আলহাজ মো. ফারুক মিয়াসহ অন্যরা সহযোগিতা করেন।

পড়ন্ত বিকেলে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার প্রদোষ চক্রবর্তীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন প্রধান অতিথির প্রতিনিধি মাসুম বিল্লাহ শিশির, গেস্ট অব অনার বিশিষ্ট চিকিৎসক সফিউল্লাহ শিবলী, খামারবাড়ী সুপার মার্কেটের স্বত্বাধিকারী ও বাংলাদেশি সোসাইটির সহসভাপতি কামরুজ্জামান কামরুল, সাপ্তাহিক প্রবাস পত্রিকার সম্পাদক মোহাম্মদ সাঈদ, দেশ পত্রিকার সম্পাদক মো. মিজানুর রহমান, প্রথম আলোর নির্বাহী সম্পাদক মো. মনজুরুল হক, সংগঠনের সাবেক সভাপতি মামুন রাশেদ এবং সাধারণ সম্পাদক মো. ছামেদুল হক।

প্রধান অতিথির প্রতিনিধি মাসুম বিল্লাহ শিশির বলেন, শেরপুরবাসীর আমন্ত্রণ পেয়ে তারা আনন্দিত। প্রবাসীদের আনন্দঘন এই আয়োজনে উপস্থিত থাকতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন।

তিনি বলেন, হোম কেয়ার সেবার সঙ্গে সম্পৃক্ত থাকায় বয়স্কদের যত্ন ও সেবায় তাদের প্রতিষ্ঠান সব সময় প্রবাসীদের পাশে রয়েছে। প্রয়োজন হলে সরাসরি যোগাযোগ করারও আহ্বান জানান তিনি।

সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক মো. আবুল কাশেম বলেন, গ্রীষ্মকালে বছরে এই একটি দিন প্রবাসী শেরপুরবাসীরা একত্রিত হয়ে আনন্দ ভাগাভাগি করেন। নতুন প্রজন্মের কাছে শেরপুরের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি দেশের সংস্কৃতির সঙ্গে প্রবাসীদের সম্পৃক্ত রাখার চেষ্টা করা হচ্ছে।

তিনি শেরপুর জেলার ইতিহাস প্রচার এবং জেলার উন্নয়নে প্রবাসী শেরপুরবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।

এবারের বনভোজনের র‍্যাফেল ড্রয়ের প্রথম পুরস্কার হিসেবে ছিল নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক বিমান টিকিট। পুরস্কারটি অনুদান দেন মার্কস হোম কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহফুজুল হক। দ্বিতীয় পুরস্কার ছিল সোনার গহনা, যা সংগঠনের সভাপতি প্রদোষ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ছামেদুল হকের সৌজন্যে দেওয়া হয়। তৃতীয় পুরস্কার ছিল ৫৫ ইঞ্চি টেলিভিশন, যার সৌজন্যে ছিলেন ইউএস ট্রাভেলস অ্যান্ড ট্যুরের প্রধান নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান মজুমদার।

এ ছাড়া ল্যাপটপসহ মোট ১৩টি আকর্ষণীয় পুরস্কার জিতে নেন প্রবাসী শেরপুরবাসী ও আমন্ত্রিত অতিথিরা। র‍্যাফেল ড্র পরিচালনা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক আবুল কাশেম। তাঁকে সহযোগিতা করেন রাকিবুল ইসলাম রাসেল, ছামেদুল হক, শামীম রেজা, মামুন রাশেদ, লিটন জামান ও ইঞ্জিনিয়ার জাকির হোসেনসহ অন্যরা।

খেলাধুলা ও অন্যান্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন মাসুদ পারভেজ মুক্তা, মো. সিরাজুল ইসলাম এবং সংগঠনের সাবেক সভাপতি নাহিদ রায়হান লিখন।

বনভোজনে আরও উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের সাবেক প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চৌধুরী, শেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর রহমান নতুন, সংগঠনের উপদেষ্টা আজমাউল রেজা লিরা, সুব্রত সাহা লিপন, রানা রায়হান, সাংবাদিক মাহে আলম জেমস, অবসরপ্রাপ্ত শিক্ষক স্বপন চক্রবর্তী, আনজুম আরা শুভ্রা, মিসেস ফেরদৌসী বেগম, আয়েশা সুলতানা, পুলিশ কর্মকর্তা মাসুম ও রেখা জামান চৌধুরী ডলিসহ অনেকে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী শামীম রেজা, আনোয়ার হোসেনসহ স্থানীয় শিল্পীরা দিনব্যাপী দেশাত্মবোধক গান পরিবেশন করেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ছামেদুল হক ঝন্টু।