বুন্দেসলিগার নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচেই স্টুটগার্টকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত সূচনা করেছে বায়ার্ন মিউনিখ। আর এই বিশাল জয়ের পরই সমর্থকদের জন্য আরও একটি দারুণ খবর দিলেন দলটির ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন।
খবর প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ১০:০৮ এএম

বুন্দেসলিগার নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচেই স্টুটগার্টকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত সূচনা করেছে বায়ার্ন মিউনিখ। আর এই বিশাল জয়ের পরই সমর্থকদের জন্য আরও একটি দারুণ খবর দিলেন দলটির ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন।
ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড জানান, গত সপ্তাহেই বায়ার্ন কর্তৃপক্ষের সঙ্গে তার প্রথম দফার বৈঠক সম্পন্ন হয়েছে। আগামী আগস্টে নিজ শহর লন্ডনে অনুষ্ঠিতব্য ব্যালন ডি’অর পুরস্কার জয়ের অন্যতম ফেভারিট ভাবা হচ্ছে কেইনকে। ২০২৩ সালে শৈশবের ক্লাব টটেনহ্যাম হটস্পার ছেড়ে বায়ার্নে পাড়ি জমানো এই তারকা জার্মানিতেই নিজের ক্যারিয়ার দীর্ঘায়িত করতে চান।
নতুন চুক্তি নিয়ে কেইন বলেন, ‘অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনার বাকি আছে। আমার বয়স এখন ৩৩। এটি হয়তো আমার ক্যারিয়ারের শেষ চুক্তি হতে যাচ্ছে না, তবে স্বাক্ষর করার জন্য এটি বেশ বড় একটি চুক্তি। ক্লাবকে নিশ্চিত করতে হবে যে তারা আমাকে নিয়ে খুশি, তেমনি আমার নিজেরও সন্তুষ্টির ব্যাপার রয়েছে।
চলতি মৌসুম শেষেই কেইনের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। বায়ার্নও বেশ কয়েকবার প্রকাশ্যে এই গোলমেশিনকে দীর্ঘ সময়ের জন্য ধরে রাখার আগ্রহ প্রকাশ করেছে।
গত মৌসুমে বায়ার্নের হয়ে রীতিমতো উড়ন্ত ফর্মে ছিলেন ইংল্যান্ড অধিনায়ক।