রাশিয়া সফরের অংশ হিসেবে ক্রেমলিনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে পাঠানো একটি বিশেষ ব্যক্তিগত বার্তা ও শুভেচ্ছা পুতিনের হাতে তুলে দেন।
বৈঠকে দুই দেশের বাণিজ্য, অর্থনীতি, জ্বালানি, সার সরবরাহ এবং পারমাণবিক প্রযুক্তিসহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতার অগ্রগতির ওপর বিস্তারিত আলোচনা হয়। সম্প্রতি অনুষ্ঠিত ভারত-রাশিয়া আন্তঃসরকার কমিশনের ২৭তম বৈঠকের সিদ্ধান্তগুলোও পুতিনের কাছে তুলে ধরা হয়।
জয়শঙ্কর জানান, আসন্ন সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) এবং ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাত ও তাকে ভারতে স্বাগত জানাতে আগ্রহ প্রকাশ করেছেন মোদি। জবাবে প্রেসিডেন্ট পুতিন ভারত-রাশিয়ার দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রশংসা করেন এবং (এসসিও) সম্মেলনের পাশাপাশি খুব দ্রুত প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাতের আশা প্রকাশ করেন।
