খবর প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৬, ০৯:০৮ এএম

যুক্তরাষ্ট্রের মিশিগানে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) নর্থ জোনের দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) ওয়ারেন শহরের ইসলামিক সেন্টার অব নাইন মাইল ব্যাংকুয়েট হলে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মিশিগানসহ পার্শ্ববর্তী বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেন।
ক্বারী শায়খ আব্দুল মুকিতের কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর রেনেসাঁ কালচারাল গ্রুপ অব মিশিগানের শিল্পীরা ইসলামি নাশিদ পরিবেশন করেন।

মুনা নর্থ জোনের প্রেসিডেন্ট নেসার উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি আনোয়ার হোসেনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুনার সাবেক প্রেসিডেন্ট ডা. সায়ীদুর রহমান চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ওয়েইন স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. রামজি মুহাম্মদ, মুনার সহকারী নির্বাহী পরিচালক হাফেজ আবদুল্লাহ আল আরিফ, এমসিএম মসজিদের ইমাম শায়খ তারিক আদনান, দারুল কুরআন মসজিদের ইমাম শায়খ সাঈদ আহমদ এবং মুনার কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক খাইরুল হাসান রফিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তারা বলেন, ইসলামের সুমহান আদর্শ ছড়িয়ে দেওয়া এবং সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দাওয়াহর ভূমিকা অপরিসীম। শুধু আনুষ্ঠানিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ না থেকে নিজেদের ব্যক্তিগত চরিত্র, সততা, সুসংহত আচরণ ও মানবিক কাজের মাধ্যমে ইসলামের প্রকৃত সৌন্দর্য ফুটিয়ে তুলতে হবে।
বক্তারা নতুন প্রজন্মকে ইসলামের শিক্ষা ও মানবিক মূল্যবোধের সঙ্গে সম্পৃক্ত করতে পরিবার ও সচেতন কমিউনিটিকে আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সম্মেলন শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন সিডিআর মসজিদের ইমাম শায়খ নেছার উদ্দিন।