NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৭ শ্রাবণ ১৪৩৩
Logo
logo
এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইউএসএ আয়োজন করবে

জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নিউইয়র্কে ‘আমেরিকায় জুলাই জাগরণ’


মশিউর রহমান মজুমদার   প্রকাশিত:  ২২ জুলাই, ২০২৬, ১২:০৭ এএম

জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নিউইয়র্কে ‘আমেরিকায় জুলাই জাগরণ’

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ, আন্দোলনের ইতিহাস সংরক্ষণ এবং প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা তুলে ধরতে আগামী ১ আগস্ট নিউইয়র্কে ‘আমেরিকায় জুলাই জাগরণ’ শীর্ষক স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স যুক্তরাষ্ট্র।

সোমবার (২০ জুলাই) নিউইয়র্কের  সানাই  পার্টি হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব ডা. মো. আবদুল মোহাইমিন (সাইমন)।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। ছাত্র-জনতার আত্মত্যাগ, সাহস ও ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি নতুন অধ্যায়ের সূচনা হয়।

এ আন্দোলনে দেশের মানুষের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও জনমত গঠন, প্রতিবাদ কর্মসূচি, কূটনৈতিক যোগাযোগ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি আরও বলেন, গণমাধ্যমের সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন আন্দোলনের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ জন্য সাংবাদিক সমাজের প্রতি এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স যুক্তরাষ্ট্র কৃতজ্ঞতা প্রকাশ করছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১ আগস্ট সন্ধ্যা ৬টায় নিউইয়র্কের সানাই পার্টি হলে আয়োজিত ‘আমেরিকায় জুলাই জাগরণ’ অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে থাকবে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ, কবিতা আবৃত্তি, প্রবাসীদের ভূমিকা নিয়ে বিশেষ উপস্থাপনা, ২০২৪ সালের আন্দোলনভিত্তিক আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী, রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র ও নাগরিক অধিকার নিয়ে আলোচনা এবং ঊনবাঙাল সাহিত্য সংগঠনের পরিবেশনায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া আগত অতিথিদের জন্য আপ্যায়নের ব্যবস্থাও থাকবে।

সংবাদ সম্মেলনে ডা. মোহাইমিন বলেন, ইতিহাস সংরক্ষণ, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং প্রবাসীদের ইতিবাচক ভূমিকা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অনুষ্ঠানে উপস্থিত থেকে এর সংবাদ ও তাৎপর্য দেশ-বিদেশের বাংলাভাষী মানুষের কাছে পৌঁছে দিতে তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির নিউইয়র্ক স্টেট লোকাল অর্গানাইজার রাকিব উদ্দিন, কার্যনির্বাহী সদস্য লোকমান আহমেদ রিয়াদ, সদস্য নুমায়ের হোসেন দিহান, যুগ্ম অর্থসচিব নিজামুল শাহির, এক্সিকিউটিভ মেম্বার রাহাত আলম, মুখ্য সংগঠক এম এইচ সিদ্দিক, যোগাযোগ ও মিডিয়া সম্পাদক হাসিবুল কবির, উপদেষ্টা রওশন হক, স্থানীয় সংগঠক মাহামুদুল কবির অনিক, কেন্দ্রীয় সদস্য রাসেল আলম এবং যুগ্ম অর্থ সম্পাদক জি এম নিলয়সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।