NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী ‘সিয়াকেও লোহাগড় দুর্গ থেকে ফেলে দেওয়া হোক’ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা, মৃত্যু ১৪০০ ছাড়াল শতভাগ জয় নিয়ে গ্রুপপর্ব শেষ আর্জেন্টিনার কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়
Logo
logo

নিউইয়র্কের ভাড়া-নিয়ন্ত্রিত ২৪ লক্ষ ভাড়াটের জন্য দুই বছরের ভাড়া-বৃদ্ধি শূন্য


খবর   প্রকাশিত:  ২৮ জুন, ২০২৬, ১০:০৬ এএম

নিউইয়র্কের ভাড়া-নিয়ন্ত্রিত ২৪ লক্ষ ভাড়াটের জন্য দুই বছরের ভাড়া-বৃদ্ধি শূন্য

২৫ জুন বৃহস্পতিবার রাত। ম্যানহাটনের ইস্ট হার্লেমের এল মিউজিও দেল বারিও থিয়েটার। ঘরে ঘরে দাঁড়ানোর জায়গা নেই। শত শত ভাড়াটে — শ্রমিক, অভিবাসী, বয়স্ক মানুষ, তরুণ — হাতে সাইনবোর্ড নিয়ে বসে আছেন। সাইনে লেখা: "ভাড়া জমাট করো", "রোলব্যাক চাই।"

রাত সাতটায় নিউইয়র্ক সিটি রেন্ট গাইডলাইন্স বোর্ড (RGB) ভোট দিল। ফলাফল: ৭-১। এক বছর ও দুই বছর — উভয় মেয়াদের লিজে ভাড়া বাড়বে শূন্য শতাংশ। থিয়েটার ফেটে পড়ল আনন্দে। কেউ কাঁদছেন, কেউ চিৎকার করছেন। মানুষ রাস্তায় নেমে উৎসব করল। নিউইয়র্কের ১৫৭ বছরের ইতিহাসে এই প্রথমবার দুই বছরের লিজেও ভাড়া বৃদ্ধি পুরোপুরি শূন্য রাখা হলো।

নিউইয়র্ক সিটিতে প্রায় ১০ লক্ষ ভাড়া-নিয়ন্ত্রিত (rent-stabilized) অ্যাপার্টমেন্ট আছে। সেখানে বাস করেন প্রায় ২৪ লক্ষ নিউ ইয়র্কবাসী। এই সিদ্ধান্ত কার্যকর হবে ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা নতুন লিজের ক্ষেত্রে। এই ভাড়া-নিয়ন্ত্রিত বাড়িগুলো মূলত ১৯৭৪ সালের আগে নির্মিত ছয় বা তার বেশি ইউনিটের ভবন, অথবা বিশেষ সরকারি ভর্তুকি বা ট্যাক্স ছাড়প্রাপ্ত বিল্ডিং।

এই রায় হঠাৎ আসেনি। বছরের পর বছর ধরে লড়েছেন ভাড়াটেরা। গত বছর নিউইয়র্কের ভাড়াটে আন্দোলন রিয়েল এস্টেট লবি ও কর্পোরেট স্বার্থকে পিছু হটিয়ে মেয়র নির্বাচনে নির্ধারক ভূমিকা রেখেছিল। টেন্যান্ট ব্লক ২০,০০০ ভাড়াটের স্বাক্ষর সংগ্রহ করেছিল — যাঁরা প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভাড়া-জমাট সমর্থনকারী মেয়রকেই ভোট দেবেন। নভেম্বরে ১০ লক্ষ নিউ ইয়র্কবাসী সেই দাবিতে ভোট দিলেন — এবং মেয়র হলেন জোহরান মামদানি। মামদানি ভোটের পরপরই এই রায়কে "নিউইয়র্ক সিটির ভাড়াটেদের জন্য ঐতিহাসিক বিজয়" বলে আখ্যা দেন।

CAAAV চায়নাটাউনের ভাড়াটে নেত্রী লিন্ডা লিন বলেন, "শ্রমিক শ্রেণি ও অভিবাসী ভাড়াটেরা ইতিহাস তৈরি করেছেন। রেন্ট গাইডলাইন্স বোর্ড সংখ্যাগরিষ্ঠ ভাড়াটেদের কথা শুনেছে। ভাড়া জমাট শুরু — আমরা আরও জিততে প্রস্তুত।"

ভোটের আগে দিনটা মসৃণ ছিল না। ভোটের কয়েক ঘণ্টা আগে বোর্ডের মালিকপক্ষের প্রতিনিধি ক্রিস্টিনা স্মিথ পদত্যাগ করেন। তিনি লিখলেন, "বোর্ড তার নিজের তথ্য-প্রমাণ উপেক্ষা করছে, কারণ প্রমাণ যে উপসংহারে নিয়ে যাচ্ছে, রাজনীতি সেটা মানবে না।" তাঁর পদত্যাগের পরও বোর্ডে কোরাম বজায় থাকে। বাকি মালিকপক্ষের প্রতিনিধি মাকসিম ওয়িন দীর্ঘ বক্তব্য দিলেন — ভাড়াটেরা হইচই করে বক্তব্য ডুবিয়ে দিল। তারপর সবাইকে অবাক করে ওয়িন নিজেও ভাড়া জমাটের পক্ষে ভোট দিলেন। ৭-১ ভোটে পাস হলো ইতিহাসের প্রথম দুই বছরের ভাড়া-জমাট।

আগের মেয়র এরিক অ্যাডামসের আমলে চার বছরে ভাড়া বাড়ানো হয়েছিল মোট ১২ শতাংশ। একই সময়ে ভাড়া-নিয়ন্ত্রিত বাড়ির মালিকদের নিট আয় বেড়েছিল ৩০ শতাংশ। অর্থাৎ, ভাড়াটেদের পকেট থেকে টাকা বেরিয়ে মালিকের তিজোরি ভরেছে। অথচ সেই সময়েই তাপ ও গরম জলের অভিযোগ বেড়েছে।

এদিকে ট্রাম্প প্রশাসন SNAP, মেডিকেইড, শিশু-সেবা, বাসস্থান সহায়তা কেটে দিচ্ছে। আইস রেইড চলছে। মুদ্রাস্ফীতি থামছে না। এই বাস্তবতায় ভাড়া বৃদ্ধি শূন্য না রাখলে লক্ষ লক্ষ পরিবার রাস্তায় পড়ত। কমিউনিটি সার্ভিস সোসাইটির হিসাব বলছে, এই ভাড়া জমাট নিউ ইয়র্কবাসীদের চার বছরে সাত বিলিয়ন ডলার পর্যন্ত বাঁচাবে — মাসে প্রায় ৬০০ ডলার।

মালিকপক্ষ রায়ে ক্ষুব্ধ। রিয়েল এস্টেট বোর্ড অব নিউ ইয়র্কের প্রেসিডেন্ট জেমস হোয়েলান বললেন, "বোর্ড তার নিজের তথ্য উপেক্ষা করে ভুল সিদ্ধান্ত নিয়েছে। পুরনো ভাড়া-নিয়ন্ত্রিত ভবনগুলো ইতিমধ্যে ক্রমবর্ধমান পরিচালন ব্যয়ে চাপে আছে। এই রায় রাজনৈতিকভাবে জনপ্রিয় হতে পারে, কিন্তু নিউইয়র্কের আবাসন সংকট আরও বাড়াবে।" নিউইয়র্ক অ্যাপার্টমেন্ট অ্যাসোসিয়েশনের সিইও কেনি বার্গোস বললেন, এই জমাট "লক্ষ লক্ষ নিউ ইয়র্কবাসীর জীবনযাত্রার মান ধ্বংস করবে।" এক মালিক হুমবের্তো লোপেস বলেন, "আমাদের কর্মী ছাঁটাই করতে হবে। সুপারিনটেনডেন্ট ছাঁটাই করতে হবে। এটা ব্যবসা।" কিন্তু সিটির স্বাধীন বাজেট দপ্তরের রিপোর্ট বলছে ভিন্ন কথা — ভাড়া-নিয়ন্ত্রিত ভবনে আর্থিক সংকট আসলে সীমিত কিছু মালিকের মধ্যেই। বেশিরভাগ মালিকের অবস্থা মোটেও খারাপ নয়।

ভোটের পর শত শত ভাড়াটে রাস্তায় নামলেন। গান হলো, নাচ হলো। ব্রঙ্কসের CASA নেত্রী জোয়ান গ্রেল বললেন, "এই দুই বছরের ভাড়া-জমাটের চেয়েও বড় জয় হলো আমাদের সম্মিলিত শক্তিতে বিশ্বাস। মানুষ যখন নিজের ক্ষমতা আবিষ্কার করে, তখন সে ভাবতে শুরু করে — আর কী সম্ভব? বছরের পর বছর বলা হয়েছে, ভাড়াটেরা কিছু পাল্টাতে পারবে না। আজ আমরা প্রমাণ করলাম — পারি।" এক ভাড়াটে রিক অর্টিজ বললেন, "আমি বুঝতে পারছি না কীভাবে বলব। বছরের পর বছর এটাই চেয়েছিলাম, কিন্তু কখনো হয়নি।"

টেন্যান্ট ব্লকের নির্বাহী পরিচালক সুমথি কুমার বললেন, "সংগঠিত ভাড়াটেরা আজ ইতিহাস তৈরি করেছেন। এটা প্রতিটি শহরের ও রাজ্যের ভাড়াটেদের জন্য একটা শিক্ষা — যখন একসাথে লড়ি, তখন জিততে পারি।"
নিউইয়র্কে এতদিন রিয়েল এস্টেট লবি শহর চালাত। বৃহস্পতিবার রাতে সেই সমীকরণ পাল্টে গেল। ২৪ লক্ষ মানুষ — শ্রমিক, অভিবাসী, প্রবীণ — দুই বছরের জন্য নিশ্চিন্তে ঘরে থাকতে পারবেন। যদিও ক্ষুব্ধ মালিক পক্ষ।