NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২৩, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
Logo
logo

নিউইয়র্কে চার লেখকের বই নিয়ে দ্বিতীয় ‘ছোটদের বাংলা বইমেলা’


খবর   প্রকাশিত:  ০৪ জুন, ২০২৬, ০৯:০৬ এএম

নিউইয়র্কে চার লেখকের বই নিয়ে দ্বিতীয় ‘ছোটদের বাংলা বইমেলা’

প্রবাসে নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় ‘নিউইয়র্ক ছোটদের বাংলা বইমেলা ২০২৬’।

গত ৩০ মে (শনিবার) জ্যামাইকার ১৬৭-১৬ হিলসাইড এভিনিউয়ের ‘শাহী কিচেন’ মিলনায়তনে বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হয়।

মেলা প্রাঙ্গণে বই প্রদর্শনী ও বিক্রির পাশাপাশি ছিল লেখক-পাঠক আড্ডা, মনোমুগ্ধকর গল্প বলা, ছড়া-কবিতা আবৃত্তি এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। পুরো আয়োজনজুড়ে ছিল শিশু-কিশোরদের প্রাণবন্ত উপস্থিতি।

এবারের মেলার মূল আকর্ষণ ছিলেন চারজন লেখক—কাজী জহিরুল ইসলাম, ডা. সজল আশফাক, আলম সিদ্দিকী এবং আশিক মুস্তাফা। শাহী কিচেনের সহযোগিতায় আয়োজিত এই মেলায় প্রবাসী বাংলাদেশিরা পরিবারসহ অংশ নেন।

মেলার অন্যতম আকর্ষণ ছিল আশিক মুস্তাফার নতুন বই ‘ওয়ান লিটল মাদার’-এর মোড়ক উন্মোচন। পাশাপাশি ৯০-এর দশকের ঐতিহ্যবাহী খেলনা ও বিভিন্ন ছবিযুক্ত পোস্টকার্ড প্রদর্শনী শিশুদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করে।

মেলাজুড়ে শিশুদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তারা গল্প বলা, ছড়া ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নেয় এবং বইয়ের সঙ্গে আনন্দঘন সময় কাটায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব ও লেখক কাজী শামীম আহমেদ। তিনি বলেন, এই ধরনের বইমেলা নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে যুক্ত করার গুরুত্বপূর্ণ মাধ্যম। ভবিষ্যতে এই আয়োজন আরও বড় পরিসরে হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী জহিরুল ইসলাম এবং ফারহানাজ শারমিন খান। কাজী জহিরুল ইসলাম বলেন, এই আয়োজনকে আরও বিস্তৃত করে শিশুদের অংশগ্রহণ বাড়ানো জরুরি।

ফারহানাজ শারমিন খান বলেন, মেলায় ইংরেজি ভাষায় কিছু বই যুক্ত হওয়া ইতিবাচক উদ্যোগ। ভবিষ্যতে বাংলা বইগুলোর ইংরেজি অনুবাদ আরও বাড়লে নতুন প্রজন্ম সহজে তা পড়তে পারবে এবং বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে।

মেলার একপর্যায়ে আমন্ত্রিত লেখকরা পাঠকদের সঙ্গে মতবিনিময় করেন এবং নিজেদের লেখা থেকে অংশবিশেষ পাঠ করে শোনান।

সবশেষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পী ফিরোজ মিয়া ও শাহনেওয়াজ নজরুল সংগীত ও দেশাত্মবোধক গানে পরিবেশনা করেন, যা পুরো মিলনায়তনে আবেগঘন ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। রাত ১০টায় মেলার সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলড্রেড এলির চেয়ারপারসন কাজী শামীমা আক্তার শিমুল। আর অনুষ্ঠান উপস্থাপনা করেন আফরোজা আখতার মুন্নি।