NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ২৪, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
Logo
logo

জ্যাকসন হাইটসে ঐক্যের সুর: প্রস্তুত বাংলাদেশ ডে প্যারেডের থিম সং


Shibbir Ahmed   প্রকাশিত:  ০২ মে, ২০২৬, ১০:০৫ পিএম

জ্যাকসন হাইটসে ঐক্যের সুর: প্রস্তুত বাংলাদেশ ডে প্যারেডের থিম সং

নিউ ইয়র্ক : আসন্ন ১৭ মে, ২০২৬ তারিখে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ ডে প্যারেড’-কে ঘিরে প্রবাসীদের মাঝে বইছে উৎসবের আমেজ। এই উদযাপনের মূল আকর্ষণ হিসেবে তৈরি করা হয়েছে একটি প্রাণবন্ত থিম সং, যার মাস্টারিংয়ের কাজ সম্প্রতি সম্পন্ন হয়েছে।

দেশের প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপুর সুরে গানটিতে প্রাণ দিয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় একঝাঁক কণ্ঠশিল্পী। তারা হলেন— কামরুজ্জামান বকুল, বিন্দুকণা, শাহ মাহবুব, তৃনিয়া হাসান, কৃষ্ণা তিথী এবং নাজু আকন্দ। গানটি রচনা করেছেন খ্যাতিমান শিশুসাহিত্যিক ও কবি হুমায়ূন কবীর ঢালী। গানের কথায় প্রবাসে একতা, ভ্রাতৃত্ব এবং দেশপ্রেমের এক অনন্য মেলবন্ধন ফুটে উঠেছে।

 লিরিক্সে উঠে এসেছে উৎসবের ডাক— “এসো সবাই মিলে দলে দলে / Jackson heights-এ যাই চলে”। হুমায়ূন কবীর ঢালী জানান, গানটিতে একদিকে যেমন ঢোল-তবলার ছন্দে বাংলার মাটির ঘ্রাণকে জড়িয়ে রাখার আকুতি আছে, তেমনি বিশ্বদরবারে বাংলা ভাষাকে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকারও প্রতিফলিত হয়েছে। পাশাপাশি গানের চরণে চরণে বিভেদ ভুলে ‘বাঙালির সম্মান’ ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে লাল-সবুজের স্বপ্ন আর দেশীয় বাদ্যযন্ত্রের মূর্ছনা পৌঁছে দেওয়াই এই গানের অন্যতম উদ্দেশ্য। সুর ও কথার গাঁথুনিতে এমন এক আবহ তৈরি করা হয়েছে যা প্যারেডে অংশগ্রহণকারীদের মাঝে বাড়তি উদ্দীপনা যোগাবে।

পুরো আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ‘বাংলাদেশ ডে প্যারেড’-এর সদস্য সচিব ফাহাদ সোলায়মান। তিনি আশা প্রকাশ করেন, এই থিম সংটি শুধু প্যারেডের দিনেই নয়, বরং প্রতিটি প্রবাসী বাঙালির হৃদয়ে দেশাত্মবোধের নতুন জোয়ার সৃষ্টি করবে। আগামী ১৭ মে জ্যাকসন হাইটসের পথে এই গানের তালে তালেই উদযাপিত হবে হাজারো বাঙালির মিলনমেলা।