NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’ ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট জাতিসংঘের মহাসচিব পদের দৌড়ে দ্বিতীয় দফায় এগিয়ে রদ্রিগেস-বিরকেট প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার ২ তরুণের পরিবারেরও প্রশ্ন—‘দুজন মিলে কি এত বড় ঘটনা ঘটাতে পারে?’ নতুন আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, আজ বৈঠক প্রিন্সেস ডায়ানার জীবন নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার বক্স অফিসে দারুণ আয় দিয়ে শুরু হলো নতুন ‘ইনসিডিয়াস’ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর
Logo
logo

সারা দেশে ‘হ্যাঁ’ ভোটে জনমতের জোয়ার দেখা যাচ্ছে : প্রেসসচিব


খবর   প্রকাশিত:  ২৩ জানুয়ারী, ২০২৬, ০৬:০১ পিএম

সারা দেশে ‘হ্যাঁ’ ভোটে জনমতের জোয়ার দেখা যাচ্ছে : প্রেসসচিব

ঢাকার ধামরাইয়ে বুচাই চান পাগলের মাজার ও মেলার মাঠ পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব মোহাম্মদ শফিকুল আলম। তিনি মাজারের ভেতর ও মেলার মাঠ ঘুরে দেখেন। এসময় তিনি সারা দেশে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জনমতের জোয়ার দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের বাটুলিয়া গ্রামে বুচাই চান পাগলের মাজার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি মাজারের ভেতরে গিয়ে দোয়ায় অংশ নেন।

 

 

প্রেসসচিব বলেন, ‘মানুষ জানে হ্যাঁ ভোটের মাধ্যমে দেশে আর স্বৈরাচার, অনাচার আর অত্যাচার ফিরে আসবে না। এতে নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে এবং ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। আমরা মনে করি, সারা বাংলাদেশে হ্যাঁ ভোটের জন্য একটা জোয়ার তৈরি হয়েছে।

মানুষ বুঝে গেছে, হ্যাঁ ভোট দিলে ব্যাংকে রাখা টাকা নিরাপদ থাকবে, পরিবার-পরিজনের নিরাপত্তা নিশ্চিত হবে। রাষ্ট্র এমন একটি পথে চলবে যেখানে মানুষের অধিকার অক্ষুণ্ণ ও সমুন্নত থাকবে।’

 

বুচাই চান পাগলের মাজার সম্পর্কে তিনি বলেন, ‘এটি শুধু একটি ধর্মীয় স্থান নয় বরং সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। প্রতিবছর ফেব্রুয়ারি মাসে এখানে জনপ্রিয় বাউল গানের মেলা অনুষ্ঠিত হয়।

যেখানে দেশের নামকরা বাউল শিল্পীরা অংশগ্রহণ করেন।’

 


 

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ অলি আউলিয়াদের দেশ। ইসলাম এই ভূখণ্ডে এসেছে তাদের হাত ধরেই। মাজারে আঘাত ও ভাঙচুর করা অত্যন্ত নিন্দনীয় কাজ। কারো পছন্দ না হলে তিনি সেখানে যাবেন না।

কিন্তু আঘাথ বা ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নির্বাচন কমিশন বারবার জানাচ্ছে, ভোট গ্রহণ নিয়ে কোনো সমস্যা হবে না। তবে ভোট গণনায় কিছুটা সময় লাগতে পারে।’ জনগণকে শান্ত ও ধৈর্য ধরে ভোট প্রদানে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

 

সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে শফিকুল আলম বলেন, ‘সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের হামলার নিন্দা জানানো উচিত। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের পাশাপাশি রাজনৈতিক দল ও সব নাগরিকের দায়িত্ব। সাংবাদিকরা এবারের নির্বাচন সুন্দর ও নিরপেক্ষভাবে কাভার করতে পারবেন।’


 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবিব ও সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি। 

২০২৪ সালের ১১ সেপ্টেম্বর বুচাই চান পাগলের মাজারে তৌহিদী জনতা ভাঙচুর করে। এ ঘটনায় ঢাকা জেলার সিনিয়র সহকারী জজ মোহাম্মদ জুনায়েদ আদালত স্বপ্রনোদিত হয়ে ধামরাই থানা পুলিশকে মামলা করার নির্দেশ প্রদান করেন। পুলিশ বাদি হয়ে দুজনের নাম উল্লেখ করে মামলা রুজু করে কিন্তু এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।