NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
কাদের-নাছিমসহ আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ ইরান যুদ্ধ নিয়ে হেগসেথের অভিশংসন চাইলেন রিপাবলিকান আইনপ্রণেতা ক্রিপ্টোকারেন্সি বিল আটকে দিল মার্কিন সিনেট ইসরায়েলকে ২.৮ বিলিয়ন ডলারের অস্ত্র দিতে চায় যুক্তরাষ্ট্র ইরানকে সহায়তা, রুশ ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাজ্য কি ভাঙনের পথে? আত্মনিয়ন্ত্রণের দাবিতে একই মঞ্চে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, নতুন বৈশ্বিক ব্যবস্থার আহ্বান গুতেরেসের কূটনীতি থমকে যাওয়ায় হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের ট্রাম্পের মেইল-ইন ভোটের বিধিনিষেধ ফের আটকালেন বিচারক রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল
Logo
logo

পদ্মা সেতু বাঙালির আত্মমর্যাদার এক অনন্য সোপান : স্পিকার


খবর   প্রকাশিত:  ১৬ নভেম্বর, ২০২৩, ০৮:১১ এএম

পদ্মা সেতু বাঙালির আত্মমর্যাদার এক অনন্য সোপান : স্পিকার

ঢাকা: পদ্মা সেতু বাঙালির আত্মমর্যাদার এক অনন্য সোপান বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। মঙ্গলবার (২৬ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘আমাদের অর্থে আমাদের পদ্মা সেতু’ শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সম্পাদিত বইটি প্রকাশ করেছে চন্দ্রাবতী একাডেমি। এ সময় ‘আমাদের অর্থে আমাদের পদ্মা সেতু’ বইটির মোড়ক উন্মোচন করেন স্পিকার।

শিরীন শারমিন চৌধুরী বলেন, সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বিশ্বব্যাংকের, ভিত্তিহীন অভিযোগ উপেক্ষা করে, সব প্রতিকূলতা ও বাধা-বিপত্তি জয় করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো চাপের কাছে নতি স্বীকার না করে দেশের সর্ববৃহৎ অবকাঠামো পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন করেছেন। তার অদম্য সাহস, দৃঢ়তা, দূরদর্শিতা ও প্রজ্ঞার কারণে পদ্মা সেতু নির্মাণ সম্ভব হয়েছে।

তিনি বলেন, পদ্মা সেতু বাংলাদেশকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। বাঙালির আত্ম অহংকারের জায়গায় পদ্মা সেতু একটি মাইলফলক। এ ক্ষেত্রে লিখিত আকারে পদ্মা সেতু নিয়ে দ্রুত ‘আমাদের অর্থে আমাদের পদ্মা সেতু’ গ্রন্থটির প্রকাশ প্রশংসার দাবি রাখে। এতে ৬৫টি প্রবন্ধ রয়েছে, যা বইটিকে অত্যন্ত সমৃদ্ধ করেছে।

স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনও চাপের কাছে নতি স্বীকার করেননি, অন্যায়ের সঙ্গে আপস করেননি। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে গভীরভাবে ভালোবাসেন, যা তার মূল শক্তির উৎস। পদ্মা সেতুর বাস্তবায়ন দেশে বহুমাত্রিক অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

তিনি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য এই সেতু অর্থনৈতিক লাইফলাইন। সাউথ এশিয়ান কানেক্টিভিটি, শিল্পায়ন, কৃষির অগ্রগতি, জিডিপি প্রবৃদ্ধি ইত্যাদি সব ক্ষেত্রেই পদ্মা সেতুর অবদান অনস্বীকার্য। দেশের সাধারণ মানুষ এ সেতু দিয়ে সরাসরি উপকৃত হচ্ছে। তরুণ প্রজন্মের কাছে পদ্মা সেতু কেবল ইট-পাথরের সেতু নয়, কোটি কোটি বাঙালির আবেগ ও গৌরব।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সভাপতিত্বে প্রকাশনা উৎসবে আরও উপস্থিত ছিলেন আইন বিচার ও সংসদবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রমুখ।