ঋণ দেওয়ায় সপ্তম স্থানে রয়েছে প্রতিবেশী ভারত। গত জুন পর্যন্ত দেশটি ছাড় করেছে ১.৬৬৪ বিলিয়ন ডলার, যা সরকারের মোট ছাড়কৃত ঋণের ২.৮ শতাংশ। আর অষ্টম স্থানে থাকা ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইডিবি) গত জুন পর্যন্ত ছাড় করে ১.২০৮ বিলিয়ন ডলার, যা সরকারের মোট ছাড়কৃত ঋণের ১.৫১ শতাংশ। বাকি দেশগুলোর ঋণ এক বিলিয়ন ডলারের কম।
এদিকে বৈদেশিক ঋণ স্থিতির ক্ষেত্রেও শীর্ষে রয়েছে বিশ্বব্যাংক। গত জুন পর্যন্ত এ সংস্থাটির ঋণ স্থিতির পরিমাণ ছিল ১৯.২৫৭ বিলিয়ন ডলার, যা মোট ঋণের ৩০.৮৬ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা এডিবির গত জুন পর্যন্ত ঋণ স্থিতি দাঁড়ায় ১৪.৪২০ বিলিয়ন ডলার, যা মোট ঋণের ২৩.১১ শতাংশ। আর তৃতীয় অবস্থানে থাকা জাপানের ঋণ স্থিতি দাঁড়িয়েছে ১০.৪৩৭ বিলিয়ন ডলার, যা মোট ঋণের ১৬.৭২ শতাংশ।
শীর্ষ তিন উৎসর বেশির ভাগ ঋণই সহজ শর্তের। এর মধ্যে জাপান সরকার বাংলাদেশকে সবচেয়ে কম সুদে ও সহজ শর্তে ঋণ দেয়। পরের অবস্থানে থাকা বিশ্বব্যাংক ও এডিবির প্রায় সব ঋণই সহজ শর্তে। তবে মধ্য আয়ের দেশে উন্নীত হওয়ার জাপান সুদের হার সামান্য বৃদ্ধি করেছে। বিশ্বব্যাংক ও এডিবির ঋণের সুদহারও আগের চেয়ে কিছুটা বেড়েছে। এ ছাড়া বাংলাদেশকে কিছু কঠিন শর্তের ঋণপ্রস্তাব করেছে সংস্থাটি দুটি। স্বল্পোন্নত (এলডিসি) দেশ থেকে উত্তরণের পর বাংলাদেশের বিদেশি ঋণের সুদহার আরো কিছুটা বাড়বে বলেই প্রক্ষেপণ করেছে ইআরডি।
গত জুন পর্যন্ত চতুর্থ অবস্থানে থাকা চীনের ঋণ স্থিতি ছিল ৫.৫৭৮ বিলিয়ন ডলার, যা মোট ঋণের ৮.৯৪ শতাংশ। পরের অবস্থানে থাকা রাশিয়ার গত জুন পর্যন্ত ঋণ স্থিতি দাঁড়ায় ৫.৯৮৯ বিলিয়ন ডলার, যা সরকারের ঋণের ৯.৬০ শতাংশ। এ দুই দেশের ঋণের শর্ত কঠিন এবং সুদহার অনেক বেশি। কঠিন শর্তের এসব ঋণ পরিশোধ নিয়ে চাপে রয়েছে বাংলাদেশ।
এদিকে নতুন উন্নয়ন সহযোগী সংস্থা হিসেবে এআইআইবি বাংলাদেশকে ঋণ দেওয়া বাড়াচ্ছে। গত জুন শেষে সংস্থাটির ঋণ স্থিতি দাঁড়ায় ১.৭৬১ বিলিয়ন ডলার, যা মোট বিদেশি ঋণের ২.৮২ শতাংশ। সপ্তম স্থানে থাকা ভারতের ঋণ স্থিতি ছিল গত জুন পর্যন্ত ১.৩০৭ বিলিয়ন ডলার, যা সরকারের মোট ঋণের ২.০৯ শতাংশ। আর অষ্টম স্থানে থাকা আইডিবির ঋণ স্থিতি গত জুন পর্যন্ত দাঁড়িয়েছে ৬৯০ মিলিয়ন ডলার, যা সরকারের মোট ঋণের ১.১১ শতাংশ। এ তিনটির মধ্যে এআইআইবি ও ভারত সহজ শর্তে ঋণ দিলেও আইডিবির ঋণের সুদহার বেশি হয় এবং পরিশোধ সময়ও কম পাওয়া যায়।
সার্বিক বিষয়ে জানতে চাইলে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর কালের কণ্ঠকে বলেন, ‘বাংলাদেশের পাশে উন্নয়ন সহযোগীদের বরাবরই বিশ্বব্যাংক এগিয়ে ছিল। তারা স্বাধীনতার পর থেকে আমাদের সহযোগিতা করে আসছে। তবে এখন বিশ্বব্যাংক থেকে এলডিসি-পরবর্তী সময়ে ঋণ পাওয়া কষ্টকর হবে। সে বিষয়ে আমাদের সতর্ক হতে হবে। আবার সার্বিক বিবেচনায় আমাদের ঋণ পরিশোধেরও চাপ বাড়ছে, এসব বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। যে প্রকল্পের আওতায় ঋণ আসছে সেগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে।’