ইউরোপের আল্পস পর্বতমালাজুড়ে ভারী তুষারপাতের ফলে একের পর এক প্রাণঘাতী তুষারধসের ঘটনা ঘটছে। এর মধ্যেই সোমবার সুইজারল্যান্ডে তুষারধসে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত পাঁচজন আহত হয়েছে। একই সময়ে পশ্চিম আল্পসের ফ্রান্স, ইতালি ও সুইজারল্যান্ডের বিস্তীর্ণ এলাকায় সর্বোচ্চ মাত্রার (ক্যাটাগরি ৫) তুষারধস সতর্কতা বহাল রয়েছে।
সুইস পুলিশ জানায়, গোপেনস্টেইন শহরের কাছে তুষারধসে রেললাইনের ওপর বরফ নেমে এলে ট্রেনটি লাইনচ্যুত হয়।
এর আগেও কয়েক দিনের ব্যবধানে আল্পসজুড়ে একাধিক প্রাণঘাতী তুষারধসের ঘটনা ঘটেছে।
রবিবার ইতালীয় অংশের মোন্ট ব্লাংক পর্বতে তুষারধসে আরো দুই স্কিয়ারের মৃত্যু হয়। সকাল ১১টার দিকে ইতালির কোরমায়ার এলাকার জনপ্রিয় অফ-পিস্ট রুটে দুর্ঘটনাটি ঘটে, যা ফ্রান্স ও সুইজারল্যান্ড সীমান্তের কাছাকাছি।
ইতালির আল্পাইন রেসকিউ সংস্থার তথ্য অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি শেষ হওয়া সপ্তাহে ইতালির পর্বতাঞ্চলে অফ-পিস্ট স্কিয়ার, আরোহী ও হাইকার মিলিয়ে রেকর্ড ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জনই অস্থিতিশীল তুষারস্তরের কারণে সৃষ্ট তুষারধসে প্রাণ হারান।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, সাম্প্রতিক ঝড় ও ভারী তুষারপাতের ফলে পুরোনো দুর্বল তুষারস্তরের ওপর নতুন তুষার জমে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে।
ইতালির আল্পাইন রেসকিউ কর্পসের মুখপাত্র ফেদেরিকো কাতানিয়াবলেন, এ ধরনের পরিস্থিতিতে একজন স্কিয়ারের চলাচল কিংবা স্বাভাবিক তুষারের চাপও তুষারধস ঘটানোর জন্য যথেষ্ট।
ইউরোপীয় তুষারধস সতর্কতা ব্যবস্থায় ক্যাটাগরি ৫-কে ‘অসাধারণ ঝুঁকি’ হিসেবে চিহ্নিত করা হয়।
গত সপ্তাহে স্টোরম নিলস আল্পস অঞ্চলে ৬০ থেকে ১০০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত ঘটে। ফলে, কিছু এলাকায় সোমবার আরও ৪০–৫০ সেন্টিমিটার তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।


