মেক্সিকোর মধ্যাঞ্চলে জরুরি অবতরণের চেষ্টা চালানোর সময় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি গতকাল সোমবার ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।
দুর্ঘটনাটি ঘটে দেশটির শিল্পাঞ্চল সান মাতেও আতেনকো এলাকায়। স্থানটি রাজধানী মেক্সিকো সিটি থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে এবং তোলুকা বিমানবন্দর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত।
মেক্সিকো স্টেট সিভিল প্রোটেকশন কোঅর্ডিনেটর আদ্রিয়ান হার্নান্দেস জানিয়েছেন, ব্যক্তিগত জেটটিতে আটজন যাত্রী ও দুইজন ক্রু ছিলেন। তবে দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, বিমানটি একটি ফুটবল মাঠে জরুরি অবতরণের চেষ্টা করছিল।
সান মাতেও আতেনকোর মেয়র আনা মুনিস স্থানীয় গণমাধ্যম মিলেনিও টেলিভিশনকে জানান, আগুনের কারণে আশপাশের এলাকা থেকে প্রায় ১৩০ জন মানুষকে সরিয়ে নিতে হয়েছে।


