পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক চতুর্থবার বিয়ের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে, তিনি নাকি আবারও বিয়ের পরিকল্পনা করছেন। তবে এক বিস্তারিত বিবৃতিতে এসব খবরকে ‘মিথ্যা ও মনগড়া’ বলে উড়িয়ে দিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।
মালিক বলেন, তার ব্যক্তিগত জীবন নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়ানো হচ্ছে।
উল্লেখ্য, ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে মালিকের বৈবাহিক সম্পর্ক ২০২৩ সালে পারস্পরিক সম্মতিতে শেষ হয়।
বিবৃতিতে মালিক বলেন, ‘২০২৩ সালের শুরুর দিকেই আমার দ্বিতীয় বিবাহের ইতি ঘটে।
তিনি আরো বলেন, তার ছেলে এখন এমন বয়সে পৌঁছেছে, যখন এসব ভুয়া ও ভিত্তিহীন খবর পড়তে পারে।
‘বিষয়টি এমন পর্যায়ে পৌঁছেছে যে আমাকে বলতেই হচ্ছে। আমার ছেলে এখন এমন বয়সে, যখন সে এসব মিথ্যা ও মনগড়া গল্প পড়তে পারে, যেগুলো কেবল কিছু ভিউ আর সামান্য আয়ের জন্য ছড়ানো হচ্ছে। এসব ভিত্তিহীন অভিযোগ আমার প্রিয়জনদের কষ্ট দিচ্ছে,’—যোগ করেন মালিক।
সবশেষে ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়ে মালিক হুঁশিয়ারি দেন, ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার বন্ধ না হলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে তার টিম আইনি ব্যবস্থা নেবে।
‘দায়িত্বশীল আচরণ করুন; কয়েকটা লাইক-ভিউয়ের চেয়ে জীবনে আরো অনেক কিছু আছে। আপনাদের মতো আমিও একটি পরিবার নিয়ে বাঁচি। আশা করি আমার এই বার্তাকে ইতিবাচকভাবে নেওয়া হবে এবং ব্যক্তিগত জীবন নিয়ে অনুমান-রসিকতা বন্ধ হবে। তা না হলে আমার টিম কঠোর আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে,’—বলেন তিনি।


