প্রথম রাউন্ডে রাজশাহী ওয়ারিয়র্সের শেষটা হলো দারুণ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার সন্ধ্যার ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৩ উইকেটে হারাল তারা। মাত্র ১২৬ রানের লক্ষ্য ছুঁতে অবশ্য শেষ ওভার পর্যন্ত খেলতে হয় তাদের।
এ নিয়ে টানা চার ম্যাচ জিতল রাজশাহী।
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকে নিয়মিত উইকেট হারায় চট্টগ্রাম।
বল হাতে আগুন ঝরান রাজশাহীর তানজিম হাসান সাকিব।
রান তাড়ায় রাজশাহীর শুরুটা ছিল বেশ বাজে। ৭ ওভারের মধ্যে মাত্র ৩১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। পরে আকবর আলি ও মুশফিকুর রহিম মিলে ৬৬ বলে ৮৪ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছে নিয়ে যান।
তবে দুজনের কেউই ফিফটি করতে পারেননি। ১ চার ও ৪ ছক্কায় ৪১ বলে ৪৮ রান করে আউট হন আকবর। আর ৩ চার ও ১ ছক্কায় ৪২ বলে ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতান মুশফিকুর।
আগের দিন ৫ উইকেট নেওয়া শরিফুল ইসলাম এদিন ১৩ রানে নেন ৩ উইকেট। সব মিলিয়ে এখন পর্যন্ত ২১ উইকেট নিয়ে সবার ওপরে বাঁহাতি এই পেসার।


