ওটিটি প্ল্যাটফরম প্রাইম ভিডিওর নতুন ড্রামা সিরিজ ‘রাখ’ ভারতের অপরাধ ইতিহাসের অন্যতম চাঞ্চল্যকর একটি ফৌজদারি মামলাকে আবারও আলোচনায় নিয়ে এসেছে। আলি ফজল, সোনালি বেন্দ্রে ও আমির বশির অভিনীত এই সিরিজটি মূলত ১৯৭৮ সালের দিল্লির বিখ্যাত ‘গীতা ও সঞ্জয় চোপড়া’ অপহরণ ও হত্যাকাণ্ডের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত, যা ‘রাঙ্গা-বিল্লা মামলা’ নামে পরিচিত।
১৯৭৮ সালের দিল্লির প্রেক্ষাপটে নির্মিত ‘রাখ’ সিরিজের গল্প শুরু হয় দুই কিশোর-কিশোরীর নিখোঁজ হওয়ার ঘটনা দিয়ে। পরে তাদের মৃতদেহ খুঁজে পাওয়ার পর অপরাধীদের ধরতে পুলিশের চিরুনি অভিযানকে কেন্দ্র করে কাহিনি এগিয়ে চলে। সিরিজে সাব-ইন্সপেক্টর জয়প্রকাশ জাটভের চরিত্রে আলি ফজল এবং একজন স্কুলশিক্ষিকা ও শোকাহত মায়ের ভূমিকায় অভিনয় করেছেন সোনালি বেন্দ্রে।
বাস্তবজীবনে গীতা চোপড়া (১৬) ও সঞ্জয় চোপড়া (১৩) ছিল ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন মদন মোহন চোপড়ার সন্তান। ১৯৭৮ সালের ২৬ আগস্ট গীতার অল ইন্ডিয়া রেডিওর একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল, যেখানে ভাই সঞ্জয়ও তার সঙ্গে যাচ্ছিল। প্রবল বৃষ্টির কারণে তারা রাস্তা থেকে এক ব্যক্তির গাড়িতে লিফট নেয়।
তৎকালীন সময়ে এই ‘রাঙ্গা-বিল্লা’ মামলাটি শহুরে ভীতি এবং শিশুদের নিরাপত্তার প্রশ্নে এক বড় প্রতীক হয়ে উঠেছিল। এই ঘটনার পর একা ভ্রমণ করা বা অপরিচিত কারো কাছ থেকে লিফট নেওয়ার মতো সাধারণ বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের মনে গভীর আতঙ্ক তৈরি হয়, যা অনেক পরিবারের দৈনন্দিন দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিল। ‘রাখ’ সিরিজটি একদিকে যেমন তরুণ প্রজন্মের কাছে গীতা ও সঞ্জয়ের সেই মর্মান্তিক কাহিনিকে নতুন করে তুলে ধরেছে, অন্যদিকে যারা ১৯৭৮ সালের সেই ভয়াল দিনগুলো প্রত্যক্ষ করেছেন, তাদের মনে করিয়ে দিচ্ছে অতীতের এক দুঃসহ স্মৃতি।


