ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে আজ সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে আজ শনিবার (২০ ডিসেম্বর) দেশের সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে আজ জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
এর আগে, গত বৃহস্পতিবার রাত সোয়া ১১টায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।
ওই দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে প্রধান উপদেষ্টা বলেন, ‘ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে (ওসমান হাদি) মহান রাব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করুন, এই দোয়া করি।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি (বিজি-৫৮৫) সিঙ্গাপুর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
ইনকিলাব মঞ্চের নেতা নাইম ইবনে জহির কালের কণ্ঠকে বলেন, ‘শনিবার বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা অনুষ্ঠিত হবে। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তার লাশ দাফন করা হবে।


