বিডিআর হত্যাকাণ্ড পুনঃতদন্তে গঠন করা জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের মেয়াদ আরো সাত দিন বাড়ানো হয়েছে। তদন্ত কমিশনের মেয়াদ আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গতকাল বুধবার এ প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
উল্লেখ্য, গত বছরের ২৪ ডিসেম্বর মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমানকে সভাপতি করে স্বাধীনতা কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার।
নতুন করে আরো সাত দিন সময় বাড়ানোর আদেশ ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।
কমিশনকে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তত্কালীন পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত ঘটনার প্রকৃতি ও স্বরূপ উদঘাটন করতে বলা হয়েছে।
এ ছাড়া তদন্ত কমিশনকে ঘটনাকালে সংঘটিত হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধ সংঘটনকারী, সহায়তাকারী, ষড়যন্ত্রকারী, ঘটনার আলামত ধব্বংসকারী, ইন্ধনদাতা এবং ঘটনা সংশ্লিষ্ট অপরাপর বিষয়সহ দেশি-বিদেশি সংশ্লিষ্ট অপরাধী ব্যক্তি, গোষ্ঠী, সংস্থা, প্রতিষ্ঠান, বিভাগ, সংগঠন ইত্যাদি চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয়েছে। স্বাধীন তদন্ত কমিশন গত রবিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়।


