সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৭ অক্টোবর রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে। কিন্তু শেষ পর্যন্ত সব দল এতে স্বাক্ষর করবে কি না তা নিশ্চিত নয়। গত মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে সনদের কপি পাঠানো হয়েছে। এই কপি পড়ে মনে হলো ঐকমত্য কমিশন যেন ঐক্যের চেয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টিতেই বেশি আগ্রহী।
এসব বিষয় নিষ্পত্তির জায়গা কমিশন নয়, জাতীয় সংসদ।
পিআর পদ্ধতি নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে বিতর্ক চলছে। জামায়াত কৌশলগত কারণে পিআর পদ্ধতি সামনে এনেছে। এটি তাদের প্রচারণার কৌশল। এই রাজনৈতিক বিতর্ক কি জুলাই সনদে রাখা ঠিক হয়েছে? কমিশন এই বিতর্কিত ইস্যু সনদের সুপারিশে সামনে এনেছে। কমিশন, নিম্নকক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের প্রস্তাব করেছে। সংগত কারণেই বিএনপি এবং আরও কয়েকটি দল এই প্রস্তাবের বিরোধিতা করেছে। উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা-সংক্রান্ত প্রস্তাবে একটি বিল অনুমোদন দিতে দুই মাস পর্যন্ত সময় নিতে পারবে। এতে সরকার পরিচালনায় অনাকাঙ্ক্ষিত ধীরগতি সৃষ্টি হবে। বিএনপিসহ কয়েকটি দল এই সময়সীমা এক মাসে সীমিত রাখার প্রস্তাব করেছে। আন্তর্জাতিক চুক্তি সম্পর্কে ঐকমত্য কমিশনের প্রস্তাব সরকার পরিচালনা সম্পর্কে তাদের অনভিজ্ঞতার বহিঃপ্রকাশ বলে মনে করেন বিশ্লেষকরা। ২৬ নম্বর সুপারিশে সব আন্তর্জাতিক চুক্তি সংসদের অনুমোদনের প্রস্তাব করা হয়েছে। অনেক আন্তর্জাতিক চুক্তি থাকে গোপনীয়, তা প্রকাশ না করা চুক্তির অংশ হিসেবে বিবেচিত হয়। অতি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি তার একটি উদাহরণ। এ রকম বেশ কিছু সুপারিশ রয়েছে, যা সরাসরি সরকার পরিচালনায় সমস্যা সৃষ্টি করবে। যেমন- একটির বদলে তিনটি কর্মকমিশন গঠন করা হবে কি না তা সরকারের সিদ্ধান্ত। এটা জুলাই সনদে অপ্রয়োজনীয়। একইভাবে, ৪২ নম্বর প্রস্তাবে দুর্নীতি দমন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠানে রূপান্তর করার প্রস্তাব অবাস্তব শুধু নয়, হাস্যকরও বটে। একইভাবে আইনজীবী সমিতি এবং বার কাউন্সিলের নির্বাচন নিয়ে ৬০ নম্বর প্রস্তাব নাগরিকদের রাজনৈতিক অধিকারে হস্তক্ষেপের শামিল। জুলাই সনদের মূল চেতনা হলো- ঐক্যের বাংলাদেশ গড়ে তোলা। ঐক্যের জায়গা সংহত করে এগিয়ে যাওয়া। কিন্তু এই দলিলে বিভক্তিকে প্রাধান্য দেওয়া হয়েছে। সবাই যদি শেষ পর্যন্ত এই সনদে স্বাক্ষরও করে তাহলে এর বাস্তবায়ন হবে কীভাবে? বিএনপি যে প্রস্তাবে রাজি না, তারা নির্বাচনে জিতলে সেই প্রস্তাব কেন গ্রহণ করবে? আবার জামায়াত যদি বিজয়ী হয় তাহলে কি তারা বিএনপির প্রস্তাবগুলো গ্রহণ করবে? এজন্যই এই সনদের প্রধান আকাঙ্ক্ষা হওয়া উচিত গণতন্ত্রে উত্তরণ। জনগণের নির্বাচিত প্রতিনিধিরা ঠিক করবেন আগামীর বাংলাদেশ কীভাবে চলবে।


