বিএনপি নির্বাচন নিয়ে কী বলবে ও করবে তা নিয়ে আওয়ামী লীগ চিন্তিত নয় বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শুক্রবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডিস্থ রাজনৈতক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নির্বাচন নিয়ে কী বলবে ও করবে এটা নিয়ে আমরা চিন্তিত না। বিশ্বব্যাপী দ্রব্যমূল্য নিয়ে অস্থিরতা চলছে।
তিনি আরো বলেন, বিএনপির দেশে-বিদেশে বন্ধু আছে। এখন নির্বাচনে অংশ নেয়নি, আন্দোলনে ব্যর্থ। তাদের তো বিদেশি বন্ধুদের কাছে মুখ রক্ষার বিষয় আছে।
নির্বাচনকে ঘিরে বিএনপি কী প্রতিক্রিয়া দেখাল তা নিয়ে বিচলিত নয় সরকার উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এখন সরকারের মূল লক্ষ্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা।
সারা বিশ্ব আজ চ্যালেঞ্জের মুখে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘যার রেশ বাংলাদেশেও রয়েছে। বৃহস্পতিবার দেখলাম রেমিট্যান্স বেড়েছে, তবে রিজার্ভ কমেছে। ওঠানামা থাকবেই। তারপরও আমরা কৃষি-খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আছি। এটা একটা ভালো দিক। এ অস্থিরতার মধ্যেও জনগণের মধ্যে কোথাও হাহাকার নেই, বিক্ষোভ, দ্রোহ দেখিনি। সবাই স্বাভাবিক জীবন যাপন করছেন।’
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান এবং কেন্দ্রীয় কমিটির সদস্য তারানা হালিম উপস্থিত ছিলেন। সূত্র : বাসস


