দেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে ভোট দিতে উন্মুখ মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভোটারদের ভোটকেন্দ্রে আসতে যারা বাধা দেবে তাদের প্রতিহত করতে হবে। কে জিতবে, নৌকা; কে জিতবে, শেখ হাসিনা। সামনে শুভ দিন আসছে, ভালো দিন আসছে। নৌকায় ভোট দিলে দুর্দিন কেটে যাবে।
আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকায় বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত বিজয় শোভাযাত্রাপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামায়াত, সমমনা দল সব ভুয়া। বিএনপি হাঁটু ভাঙা, মাজা ভাঙা, কোমর ভাঙাদের নিয়ে এলোমেলো জগাখিচুড়ি ঐক্য করেছে। তারা আন্দোলন করে এই বছর পারল না।
তিনি আরো বলেন, বিএনপির এক দফা ভুয়া, ২৮ দফা ভুয়া।
জেলে বিএনপির ২০ হাজার নেতাকর্মী বন্দি আছে- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে কাদের বলেন, আমি পুরোপুরি খবর নিয়ে জেনেছি, জেলে আছে ১১ হাজার। আজকে জামিন পেয়ে ২ হাজার বের হয়েছে। ২১ হাজার ভুয়া। বিএনপি ভুয়া, তারা মিথ্যাচার করে। বিএনপির নেতারা ভুয়া।
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে, মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগকে শোভাযাত্রা করতে ১৯টি শর্তে অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার (১৭ ডিসেম্বর) শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে বিজয় শোভাযাত্রা করার অনাপত্তিপত্র দেয় নির্বাচন কমিশন।


