NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন


খবর   প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন

বর্তমান অর্থনৈতিক বাস্তবতার নিরিখে জাতীয় সংসদের সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে ‘সংসদ সদস্য পারিতোষিক ও ভাতাদি (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

রাত সাড়ে ৮টায় জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এ ছাড়া মন্ত্রিসভার বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করাসহ আরও এক প্রস্তাব ও দুই আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদ সদস্যদের পারিতোষিক ও ভাতাদি সংক্রান্ত ১৯৭৩ সালের আদেশ অনুযায়ী সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা ভোগ করে আসছিলেন। তবে বর্তমান বিশ্ব ও দেশীয় অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এবং সংসদ নেতার দূরদর্শী দৃষ্টিভঙ্গির আলোকে এই বিশেষ সুবিধা বাতিলের প্রস্তাবটি মন্ত্রিসভায় পেশ করা হলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

এতে আরো বলা হয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার প্রশাসনিক সীমাবদ্ধতা দূর করতে একে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা ওয়াসার অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

একইসঙ্গে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ ও গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার প্রকল্পের অংশটুকু সুষ্ঠু প্রশাসনিক ও ভূমি ব্যবস্থাপনার স্বার্থে ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

মন্ত্রিসভার বৈঠকে পুঁজিবাজার ও বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থায় দক্ষ জনবল নিয়োগের পথ সুগম করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা সংক্রান্ত শর্ত বিলুপ্ত করা হয়েছে।

বিএসইসি আইন, ১৯৯৩ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ সংশোধনের মাধ্যমে এই বয়ঃসীমার বাধা দূর করা হয়েছে। ইতঃপূর্বে এই বয়সসীমা যথাক্রমে ৬৫ ও ৬৭ বছর ছিল।

মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও নেপালের মতো এশীয় দেশগুলোর অভিজ্ঞতার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

বৈঠকে আন্তর্জাতিক পরিমণ্ডলের সাথে মিল রেখে ‘জাতীয় চা দিবস’ পালনের তারিখ সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সঙ্গে সঙ্গতি রেখে এখন থেকে বাংলাদেশে ৪ জুনের পরিবর্তে প্রতি বছর ২১ মে ‘জাতীয় চা দিবস’ পালিত হবে। ভারত, চীন ও শ্রীলঙ্কাসহ বিশ্বের প্রধান চা উৎপাদনকারী দেশগুলো এই দিনে আন্তর্জাতিক চা দিবস পালন করে থাকে।