NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত


খবর   প্রকাশিত:  ৩০ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ এএম

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিবর্ষণ ও বিমান হামলায় বৃহস্পতিবার অন্তত তিন ফিলিস্তিনি নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

চিকিৎসা সূত্র জানায়, দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বাঞ্চলে ইসরায়েলি সামরিক যান থেকে গুলিবর্ষণের ঘটনায় দুই ফিলিস্তিনি নিহত হন। শহরের পূর্ব দিকের বিভিন্ন এলাকায় ওই সময় ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ করে।

 

এই হত্যাকাণ্ডগুলো ঘটে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির চলমান লঙ্ঘনের মধ্যেই। উল্লেখ্য, চুক্তিটি ২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হয়।

চিকিৎসা কর্মকর্তা জানান, খান ইউনিসের পূর্বে তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর কাছাকাছি শেখ নাসের এলাকায় একজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়।

নাসের হাসপাতালের আরেকটি চিকিৎসা সূত্র জানায়, একই শহরে ইসরায়েলি সামরিক মোতায়েনের বাইরে থাকা একটি এলাকায় ইসরায়েলি গুলিতে দ্বিতীয় একজন ফিলিস্তিনি নিহত হন।

 

এদিকে, মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের আল-আকসা শহীদ হাসপাতালে হুসাম আবু করিমের মরদেহ ও পাঁচজন আহত ব্যক্তিকে আনা হয়। চিকিৎসা সূত্র জানায়, মাঘাজি শরণার্থী শিবিরের মাক্কি গোলচত্বরের কাছে একটি ইসরায়েলি ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে তারা হতাহত হন।

চিকিৎসা কর্মকর্তাদের তথ্যমতে, অক্টোবরের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪৯২ ফিলিস্তিনি নিহত এবং ১,৩৫৬ জন আহত হয়েছেন।

এই যুদ্ধবিরতি দুই বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের অবসান ঘটায়, যেখানে ৭১ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭১ হাজার ৩০০ জন আহত হন।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই আগ্রাসনে গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে এবং পুনর্গঠনে ব্যয় হতে পারে প্রায় ৭০ বিলিয়ন মার্কিন ডলার।