NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ইউক্রেনে গোলাবর্ষণ, রেড ক্রসের ৩ কর্মী নিহত


খবর   প্রকাশিত:  ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৫৩ পিএম

ইউক্রেনে গোলাবর্ষণ, রেড ক্রসের ৩ কর্মী নিহত

ইউক্রেনের পূর্বাঞ্চলে রেড ক্রসের গাড়িতে রাশিয়ার হামলায় তিনজন নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

জেলেনস্কি বলেন, দখলদাররা দোনেৎস্ক অঞ্চলে রেড ক্রসের যানবাহনে হামলা চালিয়েছে। দোনেৎস্কের যুদ্ধক্ষেত্র থেকে কয়েক কিলোমিটার দূরে ভিরোলিউবিভকা গ্রামে এই হামলা করা হয়।

 

অন্যদিকে ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস (আইসিআরসি) নিশ্চিত করেছে, যুদ্ধক্ষেত্রে সহায়তা বিতরণের সময় গোলাবর্ষণ হলে তাদের তিনজন কর্মী নিহত হন। তবে এ হামলার পেছনে কারা দায়ী, তারা সেটি উল্লেখ করেনি।

আইসিআরসির প্রেসিডেন্ট মির্জানা স্পোলজারিক এক বিবৃতিতে হামলার তথ্য জানিয়ে বলেছেন, ‘আমি রেড ক্রস কর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানাই। গোলাগুলো সহায়তা বিতরণের জায়গায় আঘাত হেনেছে, এটি একেবারেই অগ্রহণযোগ্য।

আমাদের হৃদয় আজ ভেঙে গেছে। সহকর্মীদের হারিয়ে আমরা আজ শোকাহত। আমরা আহতদের পাশে আছি।’

 


 

আইসিআরসি বলেছে, তাদের দল শীতের জন্য ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর মাঝে কাঠ ও কয়লার ব্রিকেট বিতরণের প্রস্তুতি নিচ্ছিল।

সেই সময় তাদের গাড়ি আঘাতপ্রাপ্ত হয়। এ হামলায় আরো দুজন কর্মী আহত হয়েছেন। হামলার কারণে সহায়তা বিতরণ শুরু হয়নি। এ ছাড়া বিস্ফোরণে কোনো বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়নি।

 

আইসিআরসি নিহত কর্মীদের সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

তবে ইউক্রেনের মানবাধিকারবিষয়ক সংসদীয় কমিশনার দিমিত্রো লুবিনেট বলেছেন, তারা ইউক্রেনের নাগরিক।

 


 

এদিকে হামলার বিষয়ে রাশিয়ার কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে তারা নিয়মিত বলে থাকে, মস্কো শুধু সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করে। আইসিআরসি উল্লেখ করেছে, তাদের দলগুলো নিয়মিতভাবে দোনেৎস্ক অঞ্চলে উপস্থিত থাকে এবং সংস্থার যানবাহনগুলোতে রেড ক্রসের প্রতীক স্পষ্টভাবে চিহ্নিত করা থাকে।