দক্ষিণ কোরিয়ার একটি গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে শনিবার এএফপিকে কর্তৃপক্ষ জানিয়েছে। এ ছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। উদ্ধারকারীরা নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে পোড়া ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে।
মধ্য কোরিয়ার দেজিয়ন শহরের ওই কারখানাটি অবস্থিত।
দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থার মতে, কারখানায় মজুদ থাকা সোডিয়ামের কারণেও উদ্ধারকাজ ব্যাহত হয়। কারণ ভুলভাবে নাড়াচাড়া করলে বিস্ফোরিত হতে পারে। ইয়োনহাপের তথ্যমতে, শুক্রবার দুপুর ১টার দিকে যখন আগুন লাগে, তখন কারখানাটিতে প্রায় ১৭০ জন শ্রমিক উপস্থিত ছিলেন।
অগ্নিকাণ্ড ও অন্যান্য দুর্যোগ মোকাবেলাকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা জানতে পেরেছি যে ১১ জন মারা গেছেন এবং ২৫ জন গুরুতরভাবে আহত হয়েছেন।’ তিনি আরো বলেন, ‘আমরা এটাও জানতে পেরেছি যে, ৩৪ জন আহত হয়েছেন কিন্তু তাদের অবস্থা গুরুতর নয় এবং তিনজন এখনো নিখোঁজ রয়েছেন।’ কর্মকর্তারা জানাননি কী কারণে আগুন লেগেছে।
একজন প্রত্যক্ষদর্শী ইয়োনহাপকে একটি বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছে।
লি দেশের শ্রমিকদের জন্য আরো ভালো সুরক্ষার আহ্বান জানিয়েছেন। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী ২০০০ থেকে ২০২৪ সালের মধ্যে দশ হাজারের বেশি শ্রমিক কর্মক্ষেত্রে মারা গেছেন।


