টি-টোয়েন্টি সিরিজটা নিজেদের করে নেওয়া হলো বাংলাদেশের। তিন ম্যাচের সিরিজের শেষটিতে ৬ উইকেটে হেরে ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হলো লিটন দাসের দলকে। বৃষ্টির কারণে দ্বিতীয় টি-টোয়েন্টি ভেস্তে যাওয়ায় ১-১ সমতায় শেষ হলো দ্বিপক্ষীয় সিরিজটি।
সিরিজটি নিজের করে নিতে হলে দারুণ কিছু করতে হতো বোলারদের।
কেননা বৃষ্টিবিঘ্নিত ম্যাচে লক্ষ্যটা বড় দিতে পারেনি বাংলাদেশ। ১৫ ওভারের ম্যাচে ১০২ রানে অলআউট হয় স্বাগতিকেরা।
শুরুটা দুর্দান্তও করেছিলেন শরীফুল ইসলাম। বাঁহাতি পেসের তোপে দলীয় ২৫ রানেই ৩ উইকেট তুলে নেন তিনি।
৮ রানের ব্যবধানে আরেকটি উইকেট তুলে নেন শেখ মেহেদী। বাংলাদেশের সাফল্য ওখানেই শেষ। পরে আর বাংলাদেশকে সুযোগই দেননি বেভন জ্যাকবস ও ডিন ফক্সক্রফট।
বিশেষ করে জ্যাকবস।
তার ফিফটিতে ২০ বল হাতে রেখেই জয় পায় নিউজিল্যান্ড। ২০০.০০ স্ট্রাইকরেটে ৬২ রানের ইনিংস খেলেছেন তিনি। ইনিংসটি সাজিয়েছেন ৫ চারের বিপরীতে ৩ ছক্কায়। অন্যদিকে ১৫ রানে অপরাজিত থাকেন ফক্সক্রফট।
এর আগে ব্যাটিং ধসে ১০২ রানে অলআউট হয় বাংলাদেশ।
দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন তাওহিদ হৃদয়। তার বাইরে দুই অংকের ঘর স্পর্শ করতে পেরেছেন শুধু লিটন (২৬) ও সাইফ হাসান (১৬)। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন জশ ক্লার্কসন।